বাঙালির শেকড় প্রোথিত রয়েছে কৃষিতে। উর্বর পলিমাটির এই বদ্বীপকে যুগ যুগ ধরে বলা হয়ে থাকে কৃষিপ্রধান দেশ। সময়ের পরিক্রমায় জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলে দেশের ভৌগোলিক কাঠামোতে পরিবর্তন এসেছে ঠিকই, তবুও দেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব একটুও কমেনি। তবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার বড় বড় দাবির আড়ালে লুকিয়ে আছে কিছু বাস্তব চিত্র—যেখানে মোট কৃষিজমি, দেশীয় উৎপাদন এবং আমদানির হিসাবগুলো এক অন্যরকম চিত্র তৈরি করেছে। বাংলাদেশ আয়তনে ছোট একটি দেশ হলেও জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। দেশের মোট ভূমির প্রায় ৫৯.৭ শতাংশ কৃষিজমি। সরকারি পরিসংখ্যানে দেখা যায়, দেশে প্রায় ২ কোটি ৪ লাখ একর নিট ফসলি জমি রয়েছে। অর্থাৎ এদেশে মাথাপিছু কৃষিজমির পরিমান প্রায় ০.১৩ একর। মোট কৃষিজমির একটি বড় অংশ বছরের বেশিরভাগ সময় জলে নিমজ্জিত থাকে। শুকনো মৌসুমে ফসলের চাষ হলেও বর্ষায় এসব জমি পানিতে নিমজ্জিত থাকে বিধায় কৃষিকাজ করা সম্ভব হয়না। বাকী ৪০.৩ শতাংশ জমিতো কৃষিকাজের জন্য একেবারেই অনুপযোগী। ফসলের তীব্রতা এবং বহুমুখী ব্যবহারের ওপর ভিত্তি করে এই জমির একটি অংশ দুই বা তিন ফসলি জমিতে রূপান্তরিত হয়। তবে উদ্বেগের বিষয় হলো, আবাসন ও শিল্পায়নের গ্রাসে প্রতি বছর ১ শতাংশ হারে কমছে আবাদি জমির পরিমাণ। অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ ও ইটভাটার দৌরাত্ম্যে উর্বর কৃষি জমি হারিয়ে যাওয়ার ফলে সীমিত জমির ওপরই দেশের ১৮ কোটিরও বেশি মানুষের খাদ্যের জোগান দেওয়ার বিশাল চাপ রয়েছে। সীমিত জমি হওয়া সত্ত্বেও দেশের কৃষকদের অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদনে বেশ সাফল্য এসেছে সাম্প্রতিক সময়ে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বার্ষিক খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ৪ কোটি ৬৭ লাখ মেট্রিক টনের কিছু বেশি। দেশের মানুষের প্রধান খাদ্য ভাত। চাল তথা ধান উৎপাদনে বাংলাদেশ প্রায় স্বয়ংসম্পূর্ণ। দেশের সিংহভাগ আবাদি জমিতেই ধান চাষ হয়। দেশীয় চাহিদার বড় অংশ মিটিয়ে আলু উৎপাদন ছাড়িয়ে গেছে ১ কোটি মেট্রিক টন। এ ছাড়া শাকসবজির বার্ষিক উৎপাদন প্রায় ২ কোটি ২৫ লাখ মেট্রিক টন। পোলট্রি শিল্প ও অন্যান্য খাদ্য চাহিদার কারণে ভুট্টা চাষ দিন দিন বাড়ছে, যার বার্ষিক উৎপাদন কয়েক মিলিয়ন টন ছাড়িয়েছে। সব মিলিয়ে দেশের অভ্যন্তরীণ কৃষিপণ্যের বাজারের আকার প্রায় ১০ থেকে ১১ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে। শাকসবজি, ফলমূল, মাছ ও মাংস উৎপাদনে দেশ এখন অনেক দূর এগিয়ে গেছে। দেশ কৃষিতে অনেক দূর এগোলেও কিছু কিছু ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা এখনো প্রকট। পরিসংখ্যান অনুযায়ী, দেশের ভেতরে উৎপাদিত কৃষিপণ্যের পাশাপাশি প্রতি বছর প্রায় ৪ থেকে ৫ বিলিয়ন ডলারের কৃষিপণ্য ও খাদ্যদ্রব্য বিদেশ থেকে আমদানি করতে হয়। ভোজ্যতেল যুক্ত করলে এই আমদানির পরিমাণ আরও বহুলাংশে বেড়ে যায়। দেশের মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসায় গমের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। চাহিদার প্রায় ৮৫ শতাংশ গমই বিদেশ থেকে আমদানি করতে হয়, যার পরিমাণ বছরভেদে ৭০ থেকে ৮০ লাখ টনের কাছাকাছি। দেশের ভোজ্যতেলের চাহিদার প্রায় ৯০ থেকে ৯৭ শতাংশই আমদানীনির্ভর। সয়াবিন ও পাম অয়েল বা এর কাঁচামাল আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। ডালজাতীয় পণ্যের চাহিদার প্রায় ৬০ থেকে ৮০ শতাংশ এবং পেঁয়াজ, রসুন ও আদার মতো মসলাজাতীয় পণ্যের ঘাটতি মেটাতেও উল্লেখযোগ্য পরিমাণ আমদানি করতে হয়। এছাড়া টমেটো, গাজরসহ বেশকিছু সবজি আমদানীতেও বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে প্রতিবছর। শুধু খাদ্যপণ্যই নয়, কৃষির মূল ভিত্তি—যেমন বীজ, সার ও কীটনাশকের একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়, যা কৃষির উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলা হলেও বিশ্ববাজার এবং আমদানির হিসাব বলছে ভিন্ন কথা। সীমিত কৃষিজমি রক্ষা করা, কৃষকদের উপযুক্ত প্রণোদনা দেওয়া, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন, কৃষিপণ্যের বিপনন ও বাজারজাতকরন ব্যবস্থার আধুনিকায়ন ও কৃষির বহুমুখীকরণের মাধ্যমে এই আমদানিনির্ভরতা কমানো সম্ভব। আগামীর টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে অপরিকল্পিত ভূমি ব্যবহার রোধ এবং কৃষি গবেষণায় বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই। কৃষির বহুমুখীকরণে দেশীয় বাজারে প্রায় অপ্রচলিত মাশরুম চাষ একটি সম্ভাবনাময় খাত। বাংলাদেশের জমিতে রাসায়নিক সার ও কোনো প্রকার কীটনাশক ছাড়া পুষ্টিগুণে ভরপুর ও অর্থকরী ফসল মাশরুম চাষ সম্ভব।। অর্থনীতিতে বৈচিত্র্য আনার পাশাপাশি এ ফসল রপ্তানিতে বিলিয়ন ডলারের বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিকল্পনা, সরকারি পৃষ্ঠপোষকতা ও আধুনিক প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার উন্নয়ন করা গেলে মাশরুম রপ্তানি করে বছরে বিলিয়ন ডলারের বাণিজ্য করা সম্ভব। পুষ্টিবিদরা বলছেন, অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধিগুণসম্পন্ন এ ফসল ধীরে ধীরে দেশেও জনপ্রিয়তা অর্জন করছে। মাশরুমের দেশীয় উৎপাদন বর্তমানে ৪০ হাজার টন যার বাজারমূল্য প্রায় ৮০০ কোটি টাকা। একটা সময় দেশের অভিজাত হোটেল ও রেস্তোরাঁগুলোর জন্য মাশরুম সম্পূর্ণ আমদানির ওপর নির্ভরশীল ছিল। ২০১৮-১৯ অর্থবছরে যেখানে দেশে প্রায় ৭০ টন মাশরুম আমদানি করা হয়েছে, বর্তমানে তা নেমে এসেছে প্রায় শূন্যের কোটায়। বৈশ্বিক মাশরুমের বাজার অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক স্ট্র্যাটেজিক মার্কেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম আইএমএআরসির তথ্যমতে, ২০২৫ সালে বৈশ্বিক মাশরুমের বাজার ছিল ৭৬.০ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৬ সালে বৃদ্ধি পেয়ে ৮০.২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ২০৩৪ সালের মধ্যে এ বাজার ১২৩.৭ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে তাদের পূর্বাভাস রয়েছে। আন্তর্জাতিক বাজার ধরতে আমাদের উদ্যোগ দরকার। সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। চাষিদের মাশরুম চাষে উদ্বুদ্ধ করা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরী সহায়তা প্রদানের মাধ্যমে মাশরুম উতপাদন বৃদ্ধিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। ক্ষুদ্র পরিসরে যারা মাশরুম চাষ করছেন তাদের সাফল্য উদাহরণ হিসেবে তুলে ধরে অধিকসংখ্যক কৃষককে এ খাতে সংযুক্ত করা যেতে পারে। উদাহরন হিসেবে ঢাকার ধামরাইয়ের আড়ালিয়া গ্রামের প্রবাস ফেরত জহিরুল ইসলামের কথা ধরা যাক। ২০১৭ সাল থেকে জহিরুল ইসলাম মাশরুম চাষ করে আসছেন। টিনের ছাউনি ও চারপাশ স্টিলের নেট দিয়ে ঘেরা তার খামার। ১০ শতাংশ জমিতে গড়ে তোলা খামারে রয়েছে ৩০০টি বেড। সেখান থেকে প্রতিদিন ১৫ থেকে ২০ কেজি মাশরুম উৎপাদন হয়। বাজারে প্রতি কেজি মাশরুম ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়। সব খরচ বাদ দিয়ে মাসে ৭৫ থেকে ৮০ হাজার টাকা লাভ হয় জহিরুলের। বর্তমানে তার খামারের মূল্য ও বিনিয়োগ দাঁড়িয়েছে প্রায় ৪০ লাখ টাকা। জহিরুলের মতো অনেকেই ব্যক্তিগত আগ্রহ থেকে মাশরুম চাষে আত্মনিয়োগ করেছেন। এদের অনেকে প্রয়োজনীয় কারিগরী জ্ঞানের অভাব ও ব্যবসায়িক অভিজ্ঞতার ঘাটতি বা অন্য একাধিক কারনে লোকসানের শিকার হয়েছেন। তাদেরকে প্রয়োজনীয় প্রণোদনা ও প্রশিক্ষণ দিয়ে কিভাবে এ পেশাকে লাভজনক করা যায় সে সহায়তা প্রদান করতে হবে। একই সাথে যারা লাভবান ও সফল হয়েছেন তাদের সাফল্যগাঁথা ব্যপক প্রচারের ব্যবস্থা করতে হবে। এতে অনেকে মাশরুম চাষে উদ্বুদ্ধ হবে। বিশ্ববাজারে মাশরুমের বিপুল চাহিদাকে কাজে লাগানোর জন্য বাংলাদেশের সব প্রাকৃতিক সুবিধা রয়েছে। বাংলাদেশের আবহাওয়া মাশরুম চাষের জন্য বিশেষভাবে উপযোগী। এখানে খুব অল্প পুঁজিতে ও অল্প জায়গায় ঘরের ভেতরেই মাশরুম চাষ করা সম্ভব, যার জন্য কোনো বিপুল আবাদি জমির প্রয়োজন হয় না। এখানে সস্তা শ্রম এবং মাশরুমের সাবস্ট্রেট বা মাধ্যম হিসেবে খড় বা কাঠের গুঁড়া, গমের ভুষি ও বিভিন্ন কৃষিবর্জ্য খুব সহজেই পাওয়া যায়। অন্যান্য ফসলের মতো রাসায়নিক সার, বালাইনাশক লাগে না। দেশের মাত্র ১০ শতাংশ মানুষ নিয়মিত মাশরুম খেতে শুরু করলেও প্রতিদিন প্রায় ৪০০ টন মাশরুমের চাহিদা তৈরি হবে, যা এ খাতের বিশাল বাজার সম্ভাবনার ইঙ্গিত দেয়। মাশরুম থেকে কোটি টাকা আয়ের সুযোগ রয়েছে চাষিদের। মাশরুম প্রোটিন সমৃদ্ধ খাবার হওয়ায় মাছ মাংসের বিকল্প হিসাবে খাওয়া যায়। মাশরুমে প্রায় সব ধরনের খাদ্য উপাদান রয়েছে। অনুখাদ্যের জন্য একটি আদর্শ খাবার হিসাবে একে বিবেচনা করা যায়। মাশরুমের চাষ সম্প্রসারণ ও প্রক্রিয়াজাতকরণের মানোন্নয়ন করা গেলে স্থানীয় চাহিদা পূরণ করে প্রক্রিয়াজাত মাশরুম বিশ্ববাজারে রপ্তানি করার সুবর্ণ সুযোগ তৈরি হবে। বাংলাদেশ থেকে বাণিজ্যিক স্তরে মাশরুমের ব্যাপক রপ্তানি এখনো শুরু না হলেও এরই মধ্যে হংকং, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং সৌদি আরবের মতো দেশগুলোয় মাশরুমের বিভিন্ন জাতের স্যাম্পল পাঠানো হয়েছে এবং বিদেশি ক্রেতাদের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া গেছে। চীন ও ইউরোপের দেশগুলোয় মাশরুমের যে বিশাল ঘাটতি রয়েছে, তা পূরণে বাংলাদেশ বড় ভূমিকা রাখতে পারে। মাশরুমকে যদি একটি পূর্ণাঙ্গ কৃষি-শিল্প হিসেবে ঘোষণা করে রপ্তানি প্রণোদনা দেওয়া যায়, তবে দেশের শিক্ষিত বেকার যুবক ও গ্রামীণ নারীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং গ্রামীণ দারিদ্র্যবিমোচনে মাশরুম চাষ গুরুত্বপূর্ণ ভুমিকা পালনে সক্ষম হবে। কৃষির বহুমুখীকরনে মাশরুম চাষ একটি ক্ষুদ্র উদাহরণ। মাশরুমের মতো অনেক কৃষিজাত পণ্য আছে যেগুলি এদেশের মাটি ও আবহাওয়ায় খুব সহজেই চাষ করা সম্ভব। কিন্তু প্রয়োজনীয় কারিগবী জ্ঞান ও উদ্যোগের অভাবে তা ব্যপকভাবে প্রসারিত হয়নি। কৃষিপ্রধান অর্থনীতি, বিপুল জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণ, কৃষিজমির অপ্রুলতা, সনাতন চাষপদ্ধতি- সব মিলিয়ে দেশের বর্তমান প্রেক্ষাপটে কৃষির বহুমুখীকরণ আজ সময়ের দাবী। গ্লোবালাইজেশনের এই যুগে শুধু স্থানীয় চাহিদা বিবেচনা করার সুযোগ নেই। স্থানীয় চাহিদা পুরনের পাশাপাশি স্বল্প জমিতে স্বল্প সময়ে কিভাবে অধিক পরিমান ফসল উতপাদন করা যায় সেদিকে নজর দিতে হবে। সেই সাথে বিশ্ববাজারে ব্যপক চাহিদা রয়েছে এমন পণ্য উতপাদন এবং তা রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্য সামনে রেখে অগ্রসর হতে হবে। দেশিয় বাজারে অপ্রচলিত অনেক পণ্য এদেশের মাটি ও আবহাওয়ায় উতপাদন সম্ভব। অভ্যন্তরীন বাজারে না হলেও বহির্বিশ্বে বাজারজাত করার উদ্দেশ্যে হলেও সেসব পন্য উতপাদনের দিকে আমাদের নজর দিতে হবে।