জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতির স্বীকার হওয়ার সুযোগ আর রাখতে চান না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা জানিয়ে তিনি বলেছেন, আবেদন করার পর যেন কাউকে মাসের পর মাস অপেক্ষা করতে না হয়। আবেদন গ্রহণের সঙ্গে সঙ্গে সাড়া দেওয়া এবং সেবার অগ্রগতি জানানো নিশ্চিত করতে হবে। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিইসি জানান, প্রতিদিন ডাক সই করতে গিয়ে তাঁর সামনে এনআইডি-সংক্রান্ত অন্তত ছয় থেকে সাতটি আবেদন আসে। কেউ ছয় মাস, কেউ ১০ মাস, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন। এ ধরনের অভিযোগ তাঁকে বিব্রত করে। গণমাধ্যমে এনআইডি সেবা নিতে গিয়ে হয়রানির খবর দেখলেও তিনি অস্বস্তি বোধ করেন। তিনি বলেন, এনআইডিকেন্দ্রিক দুর্নীতির অভিযোগ থেকে নির্বাচন কমিশন মুক্তি চায়। নাগরিকদের যেন সেবা নিতে গিয়ে হয়রানির স্বীকার হতে না হয়, সে পরিবেশ তৈরি করতে হবে। এজন্য কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়ে কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ চান তিনি। আবেদন গ্রহণের পর নাগরিককে দ্রুত বার্তা দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেন সিইসি। তাঁর নির্দেশনা, কেউ আবেদন করলে সঙ্গে সঙ্গেই তাঁকে জানাতে হবে যে আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে। কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্ট করে জানাতে হবে। এ ক্ষেত্রে আবেদনকারীকে একটি মেমো নম্বর বা সিরিয়াল নম্বর দেওয়ার পরামর্শ দেন তিনি। এতে পরবর্তী সময়ে যোগাযোগ করে আবেদনের সর্বশেষ অবস্থা জানা সহজ হবে। ছয় মাস ধরে আবেদন জমা দিয়ে কোনো উত্তর না পাওয়া কিংবা আবেদনটি কোন পর্যায়ে আছে, তা জানতে না পারার পরিস্থিতি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। এনআইডি-সংক্রান্ত সমস্যায় একে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা বন্ধের আহ্বান জানিয়ে নাসির উদ্দিন বলেন, কারও জন্মনিবন্ধনে সমস্যা, কারও শিক্ষাগত সনদে ভুল, এ ধরনের নানা কারণ দেখিয়ে দায়িত্ব এড়িয়ে গেলে নাগরিকদের সেবা নিশ্চিত করা যাবে না। তাঁর ভাষায়, “ব্লেম গেম করে তো আমড়া মানুষকে সেবা দিতে পারব না। আমাদের এমন জায়গায় আসতে হবে, যেখানে আর ব্লেম গেম চলবে না। মানুষকে সেবা দিতে হবে এবং সেটি নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন, তা করতে হবে।” সাধারণ মানুষের প্রযুক্তি ব্যবহারের সক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখার কথা বলেন সিইসি। দেশের সব নাগরিক সমানভাবে প্রযুক্তি সম্পর্কে সচেতন নন। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষের পক্ষে অনলাইনে আবেদন করা কিংবা এনআইডি ডাউনলোড করা কঠিন। তাই সেবা দেওয়ার পদ্ধতি নির্ধারণের সময় তাঁদের সক্ষমতা ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করতে হবে। স্মার্ট কার্ড বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, হয়তো সবাইকে স্মার্ট কার্ড দেওয়া সম্ভব হবে না। তবে নাগরিকদের শুধু অনলাইন থেকে কার্ড ডাউনলোড করে নিতে বললেই দায়িত্ব শেষ হয় না। গ্রামের অনেক মানুষ ডাউনলোড করার বিষয়টিই বোঝেন না। তাঁদের হাতে কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র কীভাবে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে। এনআইডি সেবায় প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়েও স্পষ্ট নীতিমালা করার ওপর জোর দেন তিনি। দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায় নির্বাচন কমিশন নিতে পারে না। তবে এনআইডি দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম কী কী কাগজপত্র লাগবে, তা নির্ধারণ করতে হবে, যাতে অপ্রয়োজনীয় কাগজপত্রের অজুহাতে কেউ হয়রানির স্বীকার না হন। কর্মশালার শুরুতে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এ পর্যন্ত ৬৫ লাখ এনআইডি সংশোধনী আবেদন নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে গত দুই বছরে নিষ্পত্তি করা হয়েছে ১৭ লাখের বেশি আবেদন। এনআইডির গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, জাতীয় পরিচয়পত্র শুধু একটি কার্ড নয়, এটি নাগরিকের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তির নাম বাদ দিলে পরিবারের সদস্যরা সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন, এমন আশঙ্কায় অনেক পরিবার মৃত্যুর তথ্য জানাতে চায় না। এ ধরনের বিষয় বিবেচনায় নিয়েও সমাধান বের করতে হবে। কর্মশালায় উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিব আখতার আহমেদ এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা। এ ছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকেরা অংশ নেন।