গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিলফা খালেক বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ, বিজিবি সদস্যদের ওপর হামলা ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে বিজিবি। এ মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করা হয়েছে। গত ২৩ নভেম্বর বিজিবি সেক্টর সদর দপ্তর, খুলনার সদস্য নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন। এতদিন এ বিষয়ে জানা না গেলেও বৃহস্পতিবার রাতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এ মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করা হয়েছে। এ মামলার বিবরণে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘবদ্ধভাবে বেআইনি জনতা সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়। পাশাপাশি কর্তব্যরত বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশে হামলা করে সাধারণ ও গুরুতর জখম করা হয়। এ ছাড়া সরকারি যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি মালামালের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। এদিকে, এসব মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। এর আগে এই সহিংসতার ঘটনায় ৮০২৬ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু গণমাধ্যমকে বলেন, টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা এবং বিজিবির পক্ষ থেকে আর একটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।