প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো বহাল রয়েছে এবং এ নিয়ে দুই দেশের আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে। তবে সরকারপ্রধান পর্যায়ের বৈঠক নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। বাংলাদেশ ও ভারতের দুই সরকার প্রধানের সুবিধাজনক সময়েই এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তার কার্যালয়ে প্রায় ঘণ্টাব্যাপী সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার। দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে। দুই দেশের সরকারপ্রধানের বৈঠক কখন হবে, তা নিয়ে তাড়াহুড়োর কিছু দেখছেন না তিনি। উভয় দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময়েই বৈঠকটি হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার জানান, ঘণ্টাব্যাপী আলোচনায় নির্দিষ্ট কোনো একটি বিষয়কে কেন্দ্র করে কথা হয়নি। বিভিন্ন দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চলার মধ্যেই ভারতীয় হাইকমিশনারের এই বক্তব্য এলো। তবে সফর বা সরকারপ্রধান পর্যায়ের বৈঠকের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।