শুরুতে লামিনে ইয়ামাল ও রাফিনিয়াকে ছাড়া নেমে কিছুটা ভুগতে হয়েছে বার্সেলোনাকে। এরপর দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের ঝড়ে তারা বাকুতে আজারবাইজানের ক্লাব সাবাহ এফকে-কে নাড়িয়ে দিলো। ওই সময় তিনবার প্রতিপক্ষের জালে বল জড়ায় সফরকারীরা। অ্যান্থনি গর্ডনের জোড়া এবং করিম আদেয়েমি ও গ্যাব্রিয়েল জেসুস একটি করে গোল করলে বার্সার জয় নিশ্চিত হয় ৪-১ ব্যবধানে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি খেলতে দীর্ঘ সফরে হালকা চোট থাকা ইয়ামালকে নেননি হ্যান্সি ফ্লিক। এরপর বাকু অলিম্পিক স্টেডিয়ামে তার শুরুর একাদশে ছিলেন না রাফিনিয়াও। তবে শুরুতে একটু সমস্যা হলেও বড় জয় পেতে কাতালানদের ভুগতে হয়নি। ৭১ শতাংশ পজেশন রেখে গোলের লক্ষ্যে ১৪টি শট নেয় বার্সা। বিপরীতে স্রেফ তিনটি শট লক্ষ্যে ছিল সাবাহ’র, ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর তারা ৬৩ মিনিটে সান্ত্বনাসূচক এক গোল করে। যদিও ম্যাচের প্রথম সুযোগটা পায় সাবাহ। সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে জোরালো আলিয়েভ জোরালো শট নিলে গোলরক্ষক হুয়ান গার্সিয়া সেটি ঠেকিয়ে দেন। তবে বার্সা রক্ষণ ভাঙতে পারছিল না তাদের, ফলে ১৬ মিনিটে গর্ডন বক্সের বাইরে থেকেই জোরালো শট নেন, যদিও অনেক বাইরে দিয়ে যায় সেটি। পরের মিনিটে সাবাহ পরিষ্কার সুযোগ পেলেও ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মারে। এরপর পেদ্রির জোরালেঅ ভলি রুখে দেন স্বাগতিক গোলরক্ষক। ৩১ মিনিটে ম্যাচের ডেডলক ভেঙে ব্লুগ্রানারা লিড নেয়। দুজনের চ্যালেঞ্জ টপকে আদেয়েমির শট গোলরক্ষকের হাতে বাধা পায়, ফিরতি বল পেয়ে গর্ডন গোলমুখে অনায়াসে ডান পায়ের শটে জালে পৌঁছান। একটু পরেই তিনি দলের ও ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেছিলেন তবে আক্রমণের শুরুতে অফসাইডে ছিলেন জেসুস। দ্বিতীয়ার্ধে নেমে ৫১ থেকে ৬০ মিনিটের মধ্যে নিজেদের যা করার তা সেরে নেয় বার্সা। শুরুটা হয় ইংলিশ ফরোয়ার্ডের পা থেকে, আগের মতোই প্রায় একইভাবে গর্ডনের শট গোলরক্ষকের হাত থেকে ফিরে এলে দলের ও নিজের দ্বিতীয় গোল করেন গর্ডন। ৫৫ মিনিটে আলেহান্দ্রো বাল্দের পাস ফাঁকায় পেয়ে আদেয়েমি আলতো শটে জালে জড়ান। ৬০তম মিনিটে জুলস কুন্দের হেড গোলরক্ষক কোনোমতে আটকালেও বল চলে যায় দূরের পোস্টে জেসুসের পায়ে, পড়ে থাকা অবস্থায় তার দ্বিতীয় টোকায় বল গোললাইন পার হয়ে যায়। ততক্ষণে চার গোলে পিছিয়ে সাবাহ, ৬৩তম মিনিটে জয়-ল্যান্ড মিকেল তাদের পক্ষে ব্যবধান কমানো গোল করেন। চলতি চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচে চার জয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ১২। ফ্লিকের শিষ্যরা পয়েন্ট টেবিলের চারে উঠেছে। বিপরীতে, আসরে চতুর্থ হারের পর ৩ পয়েন্ট নিয়ে ৩২ নম্বরে আছে আজারবাইজানের ক্লাবটি।