মঙ্গলবার (৮সেপ্টেম্বর) ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী তিন দিন ব্যাপী ৩৮ তম ইন্টার গভর্নমেন্টাল রেলওয়ে মিটিং (আইজিআরএম )।
মঙ্গলবার সকালে রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত রেল ভবনের সম্মেলন কক্ষে এ সভা আরম্ভ হবে। সভাটি চলবে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
৩৮ তম আইজিআরএম উপলক্ষে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জনাব মোঃ জিয়াউল হকের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ ডেলিগেশন টিম গঠন করা হয়েছে।
এবারের ইন্টার গভর্নমেন্টাল রেলওয়ে মিটিংয়ে বাংলাদেশ ও ভারতের স্বার্থসংশ্লিষ্ট যেসব এজেন্ডা আলোচনায় রয়েছে তার মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন পরিচালনা, লাইন অফ ক্রেডিটের (এলওসি) আওতায় চলমান দুটি ও স্থগিত প্রকল্পসমূহ, যাত্রীবাহী কোচ আমদানি ও শুল্ক সংশ্লিষ্ট একাধিক বিষয় অন্যতম।
উল্লেখ্য যে ২০২৪ সালের ২০ আগস্ট দেশের রাজনৈতিক অস্থিরতার কারনে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি ভারতের সাথে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে ভারতের পক্ষ থেকে নিরাপত্তার ঘাটতির কথা বলে উক্ত ট্রেন আর পরিচালনা করা হয়নি।
এবারের ইন্টার গভর্নমেন্টাল রেলওয়ে মিটিংয়ের মাধ্যমে ভারতের সাথে বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন পরিচালনায় একটি ইতিবাচক অগ্রগতি হবে বলে সংশ্লিষ্টর আশা করছেন। সম্মেলনে অংশ নিতে ভারতের একটি প্রতিনিধিদল ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন।