বুধবার শ্রীলঙ্কার কলম্বোতে প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের সঙ্গে নেপালের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী নীশা মেহতার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বাংলাদেশের ওষুধের বাজারে নেপালের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে আরো বেশি নেপালি শিক্ষার্থীর ভর্তির সুযোগ তৈরির বিষয়ে আলোচনা করেন তাঁরা। এসময় স্বাস্থ্য খাতে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বাড়ানোর পাশাপাশি উভয় দেশের জন্য লাভজনক নতুন সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে বিমসটেকসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। অভিন্ন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক স্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই মন্ত্রী