বিশেষ প্রতিনিধি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ে নামার আগে ব্রিটিশ আইনজীবীদের নৈতিকতা ও মানবিক বিবেচনা করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশের জনগণের কাছ থেকে লুট করা অর্থের পেছনে না ছুটে আইনজীবীদের নিজেদের নৈতিক সীমারেখা বিবেচনা করা উচিত। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন, এমন একজনের পক্ষে দাঁড়িয়ে বাংলাদেশের জনগণের সামনে তাকে নির্দোষ বলার সাহস আছে কি না? আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনার আইনজীবীদের প্রথমে জানতে হবে তাদের মক্কেল কে। একজন ব্যক্তির পক্ষে আইনি লড়াইয়ে নামার আগে তার কর্মকাণ্ড সম্পর্কে জানা এবং নৈতিক অবস্থান বিবেচনা করা জরুরি। হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা বছরের পর বছর ধরে হাজার হাজার মানুষ হত্যা, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। এখন তার পক্ষে আইনি লড়াই করার আগে আইনজীবীদের নিজেদের নৈতিক ও মানবিক সীমারেখা নির্ধারণ করা উচিত। তিনি বলেন, বাংলাদেশের জনগণের কাছ থেকে লুট করা অর্থের পেছনে ছুটবেন না। কিছু নৈতিক ও মানবিক সীমানা বজায় রাখুন। যদি সেই সীমানা না থাকে, তাহলে বিশ্বজুড়ে আপনাদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। শুধু সহজে অর্থ উপার্জনের জন্য এ ধরনের আইনি প্রতিনিধিত্ব গ্রহণ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, আইনজীবীরা কি বাংলাদেশের জনগণের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন যে শেখ হাসিনা নির্দোষ? এ ক্ষেত্রে নৈতিক বিচারবুদ্ধি প্রয়োগ করা প্রয়োজন। একজন অভিযুক্ত ব্যক্তির পক্ষে অবস্থান নেওয়ার আগে তার বিরুদ্ধে অভিযোগ, বিচারপ্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত। যুক্তরাজ্যের নাগরিকত্ব বঞ্চনা আদেশ আইন, ২০২৫-এর প্রসঙ্গ তুলে হুমায়ুন কবির বলেন, দেশের নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য কাউকে হুমকি মনে করলে তাকে অভিবাসন থেকে মুক্তি দেওয়া বা যুক্তরাজ্যে ফেরার অনুমতি না দেওয়ার মতো বিধান রয়েছে। আইনটি নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রণয়ন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনার বিরুদ্ধে বিচারাধীন মামলার প্রসঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, অনেক মামলার মধ্যে একটিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এসব বিচার উন্মুক্ত আদালতে এবং প্রমাণের ভিত্তিতে হয়েছে বলে দাবি করেন তিনি। তার মতে, আইনজীবীদের এসব বিষয় বিবেচনা করেই নিজেদের অবস্থান নির্ধারণ করা উচিত। তিনি আরও বলেন, ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদেরও এ ধরনের বিষয়ে নৈতিক সীমারেখা রয়েছে। বিশ্বের অধিকাংশ মানুষেরই নৈতিক বিবেচনা রয়েছে। তাই একজন অভিযুক্ত ব্যক্তির পক্ষে দাঁড়ানোর ক্ষেত্রে আইনগত দায়িত্বের পাশাপাশি নৈতিক দায়িত্বও গুরুত্বপূর্ণ। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না; বরং তাদের হস্তান্তরের দাবি জানায়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও বাংলাদেশের অবস্থান স্পষ্ট। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের নৈতিক ও মানবিক বিবেচনা থাকা প্রয়োজন।