দেশে আবারও অগ্নিসন্ত্রাস, গুম-খুন ও হত্যার রাজনীতি শুরুর চেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুন, ভোটাধিকার হরণ ও অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরে যেতে চায় না। যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তাদের শক্তভাবে সমুচিত জবাব দিতে হবে। ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর নয়।’ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার নারী-পুরুষ, শিশু, শিক্ষার্থী, বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করছে। কিন্তু দেশ যখন উন্নয়নের পথে এগোচ্ছে, তখন একটি গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করেছে। এই গোষ্ঠী ১৬ বছর ধরে জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে দেশ শাসন করেছে। মানুষের কথা বলার ও ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আর ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন দেখতে চায় না। যারা নিশিরাতের নির্বাচন ও ‘আমি-ডামি’ নির্বাচন করেছিল, তারা আবারও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ১৬ বছর ক্ষমতায় থেকেও তারা তিস্তা ব্যারাজের কাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি। লালমনিরহাটে গ্যাসলাইন আনেনি, ইপিজেডও স্থাপন করেনি। কেন এসব কাজ হয়নি, সেই প্রশ্ন তাঁর এবং এলাকার মানুষেরও। তাঁর ভাষ্য, দেশের মানুষের প্রতি দরদ না থাকায় তারা এসব উন্নয়ন করেনি। বরং প্রতিবছর লক্ষ্য লক্ষ্য কোটি টাকা বিদেশে পাচার করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও কীভাবে দেশের দরিদ্র ও অসহায় মানুষের অর্থ বিদেশে পাচার করে তারা বিলাসী জীবন কাটিয়েছে, তা উঠে এসেছে বলে মন্তব্য করেন তিনি। তারেক রহমান আরও বলেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা এখন অন্য দেশের প্রভুদের খুশি করতে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভোটাধিকার, কথা বলার অধিকার এবং গুম-খুন বন্ধের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, ষড়যন্ত্রকারীরা তা আবার কেড়ে নিতে চায়। প্রধানমন্ত্রী জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন, যারা আবারও মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার কেড়ে নিতে চায়, গুম-খুনের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তাদের কি সেই সুযোগ দেওয়া হবে? তিনি বলেন, ২০২৪ সালে যেভাবে দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে খুনি-সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, এখন আবারও সেভাবে এক হওয়ার সময় এসেছে। তিনি বলেন, গত কয়েক দিনে মানুষ দেখেছে, ক্ষমতায় থাকার সময় তারা মানুষের সহায়-সম্পত্তি লুট করেছে, নির্যাতন করেছে ও গুম করেছে। দেশ ছেড়ে পালানোর পরও তারা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, মানুষকে পুড়িয়ে মারছে এবং হামলা করে হত্যার রাজনীতি শুরু করেছে। তারেক রহমানের অভিযোগ, ক্ষমতা ধরে রাখতে তারা ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে। নিহতদের মধ্যে ৬০ জন শিশু ছিল। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ ও জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব থাকতে পারে না। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ এখন নিরাপত্তা ও স্বস্তি চায়। চায় দেশের অগ্রগতি। মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে ২০২৪ সালে গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন, সেই সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে। সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট বার্তা দিতে হবে, যথেষ্ট হয়েছে, আর নয়। লালমনিরহাটের মানুষের প্রশংসা করে তারেক রহমান বলেন, এ জেলার মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছিল। ভবিষ্যতেও তারা গণতন্ত্রের পক্ষে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।