আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা

Reporter Name
    Update Time : Sunday, November 1, 2026
  • 118 Time View

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে অসন্তোষ ও কর্মবিরতি পালন করছেন সাভারের আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ রবিবার দুপুরে আশুলিয়া শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম, ট্রাউজার লাইন ও নিউ এজ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও কাজ না করে কর্মবিরতি শুরু করেন। পরে তারা কারখানা থেকে বের হয়ে বিভিন্ন সড়কে অবস্থান নেন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরা আন্দোলনে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন। দুপুর ১২টার দিকে আন্দোলনরত শ্রমিকরা আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আন্দোলনরত শ্রমিকদের তিন দফা দাবি হলো, পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং অহেতুক ছাঁটাই বন্ধ করা। তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাতে ইচ্ছেমতো শ্রমিক ছাঁটাই করছে। পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের কালো তালিকাভুক্ত করায় তারা ভবিষ্যতে অন্য কারখানায় চাকরি পাওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানিয়েছেন, ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ তিন দফা দাবিতে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। এ বিষয়ে আজ মজুরি বোর্ড গঠিত হলেও ক্ষুব্ধ শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে আশুলিয়ার বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়েছেন। আশুলিয়া শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, সকাল থেকেই বিভিন্ন কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা কর্তৃপক্ষ প্রায় ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। তিনি আরও জানালেন, শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24