দেশের সিনেমা নিয়ে ভেনিসে যাচ্ছেন সুনেরাহ

Reporter Name
    Update Time : Thursday, September 3, 2026
  • 20 Time View

অভিনয়ে পা রাখার পর খুব বেশি সময় লাগেনি নিজের আলাদা পরিচয় তৈরি করতে। প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে আলোচনায় আসা সুনেরাহ বিনতে কামাল এবার ক্যারিয়ারের আরও বড় আন্তর্জাতিক মঞ্চে পা রাখতে যাচ্ছেন। তার অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে। রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবারের মতো ভেনিস উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়েছে বাংলাদেশের কোনো চলচ্চিত্র। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত সুনেরাহ। সিনেমাটির টিমের সঙ্গে উৎসবে অংশ নিতে তিনিও যাচ্ছেন ভেনিসে। নিজের এই অর্জন নিয়ে অভিনেত্রী বলেন, ‘এটি আসলে অনেক খুশির খবর। অনেক আনন্দের খবর। এই সিনেমার সবার জন্যই বিষয়টি আনন্দের। দেশের সিনেমার জন্যও। আমিও ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছি।’ ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন সুনেরাহ। তার মতে, সিনেমাটি ভালো হয়েছে এবং কাজটি করতে গিয়ে তিনি নিজেও দারুণ অভিজ্ঞতা পেয়েছেন। এ সময় পরিচালক রুবাইয়াত হোসেনসহ সিনেমাটির পুরো দলের প্রশংসা করেন তিনি। ভেনিস সফরকে শুধু নিজের ক্যারিয়ারের অর্জন হিসেবেই দেখছেন না সুনেরাহ, বরং এটিকে শেখার বড় একটি সুযোগ হিসেবেও দেখছেন। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে একই উৎসবে থাকার অভিজ্ঞতা তার জন্য নতুন অনেক দরজা খুলে দেবে বলেই মনে করেন তিনি। সিনেমার পাশাপাশি ছোট পর্দাতেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। বর্তমানে বেশ কয়েকটি নাটকে কাজ করছেন তিনি। ভেনিস চলচ্চিত্র উৎসবের আয়োজন শেষ করে দেশে ফিরে আবারও নাটকের কাজে ব্যস্ত হয়ে উঠবেন। সম্প্রতি শেষ হয়েছে সুনেরাহ অভিনীত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। এতে সায়রা চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24