আমি ভীষণভাবে মর্মাহত, ক্ষুব্ধ এবং লজ্জিত : সাফা কবির

Reporter Name
    Update Time : Wednesday, September 9, 2026
  • 47 Time View

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় লজ্জা ও ক্ষোভ প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। দেশের বাইরে চলচ্চিত্র ও মাতৃভূমিকে প্রতিনিধিত্ব করতে গিয়ে একজন শিল্পীকে যেভাবে অপমান ও আতঙ্কের মুখোমুখি হতে হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ঘটনাটির সুষ্ঠু বিচার দাবি করেন এই অভিনেত্রী। সাফা কবির লেখেন, ‘আমি ভীষণভাবে মর্মাহত, ক্ষুব্ধ এবং লজ্জিত। আজমেরী হক বাঁধন আপু ও তার পরিবারকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো শিল্পীরই এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া উচিত নয়। একজন শিল্পী যখন দেশের বাইরে একটি চলচ্চিত্র উৎসবে নিজের চলচ্চিত্র ও নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে যান, তখন তার প্রাপ্য হওয়া উচিত সম্মান ও নিরাপত্তা, অপমান, হয়রানি বা আতঙ্ক নয়।’ শিল্পীদের বারবার রাজনৈতিক টানাপোড়েনে টেনে আনার সংস্কৃতি নিয়েও প্রশ্ন তোলেন সাফা কবির। লেখেন, ‘দুঃখজনকভাবে, আমাদের দেশের শিল্পীদের বারবার কোনো না কোনোভাবে রাজনীতির জঘন্য টানাপোড়েনের মধ্যে টেনে আনা হয়। শিল্পী সত্য, ন্যায় ও মানুষের কথা বলবেন এটাই তো শিল্পীর স্বাধীনতা। কিন্তু সেই কণ্ঠের জন্য কেন তাকে বারবার মূল্য দিতে হবে?’ আন্তর্জাতিক অঙ্গনে পুরো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার বিষয়টি মনে করিয়ে দিয়ে তিনি প্রশ্ন রাখেন, ‘আরও কষ্ট হয় যখন কিছু মানুষের আচরণের কারণে পুরো জাতিকে বিচার করা হয়, আমাদের হিংস্র, উগ্র কিংবা অসভ্য হিসেবে পরিচিত হতে হয়। কিছু মানুষের কাজের দায় কেন একটি পুরো দেশের মানুষ বহন করবে? কেন সাধারণ বাংলাদেশিদের তার মূল্য দিতে হবে, দেশের বাইরে সম্মান থেকে শুরু করে ভিসা কিংবা চলাচলের ক্ষেত্রেও?’ ঘটনাটি সাময়িক আলোচনার পর যেন ঢাকা পড়ে না যায় সে বিষয়ে সোচ্চার হয়ে তিনি যোগ করেন, ‘বাঁধন আপুর সঙ্গে যা ঘটেছে, তাতে আমি গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। আমি চাই, এই ঘটনার সুষ্ঠু বিচার হোক এবং তিনি ন্যায়বিচার পান। তবে একই সঙ্গে ভয়ও হয় এই ঘটনাটিও কি কয়েক দিনের খবর হয়ে থাকবে? কিছু আলোচনা, কিছু প্রতিবাদ, কিছু সংবাদ তারপর নতুন কোনো ঘটনার নিচে চাপা পড়ে যাবে? আমরা যেন ভুলে না যাই। কারণ একজন শিল্পীর নিরাপত্তা, সম্মান এবং স্বাধীনতার প্রশ্ন শুধু একজন শিল্পীর নয়-এটি আমাদের সমাজ, আমাদের দেশ এবং আমাদের পরিচয়েরও প্রশ্ন। একজন শিল্পীর কণ্ঠ, সম্মান ও নিরাপত্তা কখনোই রাজনীতির মূল্য হওয়া উচিত নয়।’ প্রসঙ্গত, গত সোমবার রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় হামলার শিকার হন আজমেরী হক বাঁধন। এ সময় তার সঙ্গে ছিল ভাই ও তার শিশু সন্তান। ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়ে ক্ষুব্ধ কয়েকজন লোক অভিনেত্রীকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দেয়। চলে গালিগালাজ, মারধর-হেনস্তা। ঘটনার পর ফেসবুক লাইভে এসে বাঁধন জানান, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, গায়ে পানি ছুঁড়ে মারা হয়েছে এবং মারধর করে তার মোবাইল ফোন ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনার কড়া প্রতিবাদ জানান অভিনেত্রী। পরবর্তীতে এ ঘটনায় স্থানীয় ভেনিস থানায় একটি অভিযোগও দায়ের করেছেন বলে জানা গেছে। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ভুমিকা রাখা আজমেরী হক বাঁধনের ওপর এমন হামলার ঘটনা ঘটেছে বলেই ধারণা। সামাজিক মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। সহশিল্পী ও সাধারণ নেটিজেনরা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24