আইনি লড়াইয়ের ঘোষণা দিলেন বাঁধন

Reporter Name
    Update Time : Thursday, September 10, 2026
  • 18 Time View

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে সেখানে বাঁধন ও তার পরিবারের ওপর হামলা করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনার পর ইতালির পুলিশের সহায়তায় নিরাপদ স্থানে পৌঁছেছেন বলে জানিয়েছেন বাঁধন। এবার ওই হামলার ঘটনায় থানায় গিয়ে মামলা করার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে বাঁধন জানান, তিনি ভালো আছেন। একই সঙ্গে ঘটনার পর যারা তার খোঁজ নিয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বাঁধন বলেন, ‘আমার সঙ্গে গতকাল যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, বাংলাদেশের আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী বলে পরিচয় দেওয়া যারা, তারা সেটি করেছেন। সেই জায়গা থেকে প্রচুর মানুষ আমাকে ফোন করছেন, আমার খবর নেওয়ার চেষ্টা করছেন আমি কেমন আছি, কোথায় আছি, কীভাবে আছি। আমি ঠিক আছি কি না। আমি শুধু আপনাদের সবাইকে এটা বলতে চাই, আলহামদুলিল্লাহ, আমি ঠিক আছি।’ নিজের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি আমার মাথা কখনো নত করিনি এবং সেটা করতে ভুলেও যাইনি। আমাকে ভেঙে ফেলা এত সহজ না। এখানকার পুলিশ অনেক হেল্প করেছে। গতকাল রাতে আমাকে একটি নিরাপদ জায়গায় তারা পৌঁছে দিয়েছে।’ এরপর বাংলাদেশ দূতাবাস থেকেও সহযোগিতা পাওয়ার কথা জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আজকে আমাদের যে এম্বাসি আছে, বাংলাদেশ এম্বাসি থেকে অ্যাম্বাসেডর সাহেব, যিনি আছেন, উনি আমাকে ফোন করেছেন। এবং উনার অফিস থেকে লোক আসছে। উনাদের সঙ্গে আমি থানায় যাচ্ছি কেস ফাইল করতে।’ হামলার ঘটনায় তাদের কাছে প্রমাণ রয়েছে বলেও দাবি করেন বাঁধন। তিনি বলেন, ‘যেহেতু আমাদের কাছে সমস্ত এভিডেন্স আছে এবং আমরা অলরেডি অনেকজনকে আইডেন্টিফাই করেছি।’ এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান বাঁধন। পাশাপাশি বিপদের সময় তার পাশে দাঁড়ানো দেশ-বিদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বাঁধন বলেন, ‘আমি মনে করি যে আমি একজন গর্বিত বাংলাদেশি। কারণ আমার দেশের মানুষ আমার বিপদে আমার পাশে দাঁড়িয়েছে। সেটার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা।’ জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিজের অবস্থানের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। বাঁধনের ভাষ্য, ‘আমি জুলাইয়ের গণঅভ্যুত্থানে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলাম। যেটা আমি মনে করি, আমার জীবনে নেওয়া কিছু সঠিক সিদ্ধান্তের মধ্যে একটি। এবং আমি একজন গর্বিত জুলাই যোদ্ধা।’ বাঁধন বলেন, ‘শুধুমাত্র আমি, আমার ভাই এবং তার পরিবার, তার ছোট বাচ্চা তার যেভাবে হ্যারাসড হয়েছে, সেটার জন্য মারাত্মকভাবে আপসেট। আমার জন্য আমার ছোট ভাই, তার ওয়াইফ এবং তার তিন বছরের বাচ্চা যেভাবে অ্যাসল্টেড হয়েছে, সেটা ন্যক্কারজনক।’ সবশেষে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বাঁধন বলেন, ‘আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24