জামায়াতের ১০০ দিনের কর্মসূচির ঘোষণা, ঢাকায় হবে নাগরিক সমাবেশ

Reporter Name
    Update Time : Friday, November 20, 2026
  • 46 Time View

রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি ঢাকা মহানগরী উত্তর। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহানগরীর প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে বড় নাগরিক সমাবেশ করবে দলটি। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয় মাসে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি জানান, জামায়াতের কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা মহানগরী উত্তর আরও ৬০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। সব মিলিয়ে ১০০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রতিটি নাগরিক সমাবেশকে কেন্দ্র করে মিছিল, সভা, গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সেলিম উদ্দিন বলেন, দল-মত, জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের এসব সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হবে। জামায়াতের শ্রমিক, পেশাজীবী ও মহিলা সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেবেন। রমজান মাসে ধর্মীয় মর্যাদা বিবেচনায় রেখে ইফতার মাহফিল ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ফেব্রুয়ারি শেষে মার্চ মাসে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। কোনো নাগরিকের জীবন ও সম্পদ অনিরাপদ থাকতে পারে না। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সরকারের প্রতি পাঁচ দফা দাবি তুলে ধরে তিনি বলেন, প্রতিটি সহিংসতা ও নাশকতার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সবাইকে আইনের আওতায় আনতে হবে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। চাঁদাবাজি, দখলদারত্ব, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি জনগণের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেলিম উদ্দিন বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি করলেও মাঠপর্যায়ের মানুষের নিরাপত্তাবোধের সঙ্গে তার ব্যবধান রয়েছে। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটছে। এসব প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতার বিরুদ্ধে সতর্ক করে তিনি বলেন, বৈধ রাজনীতি, আন্দোলন ও সংগ্রাম করার অধিকার সবার রয়েছে। তবে এর মাধ্যম সন্ত্রাস, বোমাবাজি, অস্ত্রবাজি কিংবা নাগরিকের ওপর হামলা হতে পারে না। কোনো রাজনৈতিক পরিচয় অপরাধের দায়মুক্তি হতে পারে না। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের এই নেতা অভিযোগ করেন, সরকার জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। ভোটারদের প্রায় ৭০ শতাংশ জুলাই সনদের পক্ষে রায় দেওয়ার পরও রাষ্ট্রীয় সংস্কারের কার্যক্রমে সরকার আগ্রহ দেখাচ্ছে না। সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে কর্তৃত্ববাদী আচরণের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, জাতির এই সংকটে জনগণকে ঐক্যবদ্ধ করতে হলে সবার আগে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। সংসদে জুলাই সংস্কার পরিষদের শপথ নিয়ে সনদের বিষয়গুলো কার্যকর করতে হবে। রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো, আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থায় সংস্কারের প্রতিফলন ঘটাতে হবে। সরকারের প্রতি গঠনমূলক সহযোগিতার নীতিতে বিশ্বাসী জানিয়ে সেলিম উদ্দিন বলেন, জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে এবং জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধামাচাপা বা গড়িমসি মেনে নেওয়া হবে না। জনগণের পক্ষে এবং সন্ত্রাসের বিপক্ষে জামায়াত তার গণতান্ত্রিক অবস্থান ও দায়িত্ব পালন করে যাবে। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে শান্ত ও সচেতন থাকতে হবে। কোনো ধরনের উসকানি ও সহিংসতার ফাঁদে পা দেওয়া যাবে না। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন জানান, নাগরিকদের বিভিন্ন সেবা ঘরে বসে দেওয়ার লক্ষ্যে ঢাকা মহানগরী উত্তর জামায়াত একটি ডিজিটাল অ্যাপ তৈরি করেছে। এতে কয়েক ডজন সেবা পাওয়ার সুযোগ থাকবে। অ্যাপটির কার্যক্রম ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানাতে পরে আরেকটি সংবাদ সম্মেলন করা হবে। এ ছাড়া নগরবাসীর মধ্যে সচেতনতা তৈরিতে আরও কিছু প্রচারাভিযানের প্রস্তুতি চলছে। ১০০ দিনের কর্মসূচি বাস্তবায়নে গণমাধ্যম ও নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ ঢাকা মহানগরী ও বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াত। সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত এবং প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24