বাঙ্গরাকে আলাদা উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ধর্মমন্ত্রীর

Reporter Name
    Update Time : Saturday, November 28, 2026
  • 17 Time View

কুমিল্লার বাঙ্গরাকে আলাদা উপজেলা হিসেবে প্রতিষ্ঠার ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। আজ রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ‘মুরাদনগর সমিতি-ঢাকা’র প্রথম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাঙ্গরাকে আলাদা উপজেলা হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, এটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের ফল। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার এ বছরের জুলাই মাসে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে। ধর্মমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ওপর আস্থা ও বিশ্বাস রেখে ধর্ম মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব অর্পণ করেছেন। তিনি যেন নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য উপস্থিত সবার কাছে দোয়া চান। প্রধানমন্ত্রী তারেক রহমানকে আল্লাহ তাআলা যেন সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন এবং সুস্থতা ও দীর্ঘ কর্মজীবন দান করেন, সেজন্য তিনি বিশেষভাবে দোয়া করার অনুরোধ জানান। ধর্মমন্ত্রী বলেন, ‘দল, মত নির্বিশেষে মুরাদনগরের উন্নয়নের জন্য চলুন আমরা একসঙ্গে কাজ করি এবং এই সরকারকে সহযোগিতা করি’। জনগণের আমানত রক্ষা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সমিতির নামকরণ প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, তিনি এই সংগঠনকে কেবল ‘মুরাদনগর সমিতি’ হিসেবে নয়, বরং ‘বৃহত্তর মুরাদনগর সমিতি’ হিসেবে দেখতে চান। তিনি বলেন, মুরাদনগর ও বাঙ্গরার মানুষ এক পরিবারের সদস্য, এই বোধ যেন সমিতির কাজে সবসময় থাকে’। মুরাদনগরের অনেক কৃতী সন্তান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন উল্লেখ করে তিনি এলাকার উন্নয়নে সরকারের সহযোগী হিসেবে এসব কর্মকর্তার সহযোগিতা আহ্বান জানান। সমিতির সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, বিনামূল্যে চক্ষু শিবির আয়োজনের মাধ্যমে শত শত দরিদ্র মানুষের চোখ পরীক্ষা, ওষুধ, চশমা ও ছানি অপারেশনের সুবিধা প্রদান এবং মেধা তালিকায় স্থান পাওয়া ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করার উদ্যোগ নতুন প্রজন্মকে আলোর পথে এগিয়ে নেবে। এছাড়া করোনাকালীন দুর্যোগ ও প্রাকৃতিক বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সমিতির সদস্যদের ধন্যবাদ জানান এবং নিজের অসুস্থতার সময় কাকরাইলের ভবনে দোয়ার আয়োজন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। মুরাদনগরের স্কুল-কলেজ, রাস্তাঘাট, সেতু নির্মাণ ও সংস্কার এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে ধর্মমন্ত্রী জানান, যেকোনো গঠনমূলক উন্নয়ন ও কল্যাণমূলক কাজে তার সর্বাত্মক সহযোগিতা থাকবে। মুরাদনগর সমিতি-ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএন্ডটি বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক আব্দুল খালেক ভূইঞা, পাওয়ার সেলের অবসরপ্রাপ্ত মহাপরিচালক ও জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমত উল্লাহ্, টোটাল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান কাজী জুন্নুন বসরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার নূরুল হক, ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও বিশিষ্ট সমাজসেবক সৈয়দ এ কে এম কায়েস । অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. জামাল উদ্দীন আহম্মদসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রনেতৃবৃন্দ এবং ঢাকায় বসবাসরত মুরাদনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24