পরিবেশের ভারসাম্য রক্ষায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মেহজাবিন
    Update Time : Sunday, June 14, 2026
  • 77 Time View

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের ঐতিহ্য সবুজ-শ্যামল প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলায় প্রায় ৪০ লাখ গাছ রোপণ করা হবে। শনিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চত্বরে সারাদেশের ন্যায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ফলজ, ঔষধি ও বনজসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা আরও সুদৃঢ় হবে। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহসিন হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়া, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এর আগে সকালে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার গাড়াইল বিলে মাছের পোনা অবমুক্ত করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা পূরণের লক্ষ্যে সরকার দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের ফলে একদিকে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত হবে। প্রতিমন্ত্রী ক্ষতিকর চায়না জালসহ অবৈধ ও ধ্বংসাত্মক জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, মৎস্যসম্পদ রক্ষায় আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24