গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

Reporter Name
    Update Time : Wednesday, November 18, 2026
  • 65 Time View

গাজীপুরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে আশপাশের বিভিন্ন এলাকায়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। বিক্ষোভ চলাকালে ডেগেরচালা রোড এলাকায় মহানগর পুলিশের এক কর্মকর্তার গাড়িতে আগুন দেন শ্রমিকেরা। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। সকাল সোয়া ৯টার দিকে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে বেলা ১১টার দিকেও শ্রমিকদের অনেকে সড়ক ও আশপাশের গলিতে অবস্থান করছিলেন। সুযোগ পেলেই তাঁরা আবার সড়কে ফিরে আসছিলেন। এতে ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত থাকে। গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। গাজীপুর মহানগর পুলিশের ডিসি এস এম আশরাফুল আলম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। পরে তাঁরা আশপাশের সড়ক ও গলিতে অবস্থান নেন। বেলা সোয়া ১১টার দিকেও শ্রমিকদের উপস্থিতি ছিল। এদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ৩৯টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে আরও ১০টি কারখানায়। এর আগের দিন মঙ্গলবার (১৭ নভেম্বর) কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। শ্রমিকদের প্রধান দাবি, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করে দ্রুত কার্যকর করা। পাশাপাশি বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং কর্মক্ষেত্রে হয়রানি বন্ধের দাবিও বিভিন্ন সময়ে তাঁদের আন্দোলনে উঠে এসেছে। গাজীপুরের পাশাপাশি ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চল, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহেও শ্রমিক অসন্তোষের আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় মোট ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ২০, গাজীপুরে ১৫, নারায়ণগঞ্জে ৭ এবং ময়মনসিংহে ২ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24