চিকিৎসার শেষ আশ্রয় যেন ভোগান্তির প্রতীক না হয়

Reporter Name
    Update Time : Wednesday, July 1, 2026
  • 56 Time View

রকারি হাসপাতাল, বিশেষ করে দেশের সর্ববৃহৎ চিকিৎসাকেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সাধারণ মানুষের শেষ ভরসাস্থল। সীমিত সামর্থ্যরে অসংখ্য মানুষ উন্নত চিকিৎসার আশায় এখানে ছুটে আসেন। কিন্তু সেই আশ্রয়স্থলই যদি অতিরিক্ত রোগীর চাপ, অস্বাস্থ্যকর পরিবেশ, জনবল ও যন্ত্রপাতির সংকটে ন্যূনতম চিকিৎসাসেবাও নিশ্চিত করতে না পারে, তবে তা শুধু একটি হাসপাতালের সমস্যা নয়; এটি জনস্বাস্থ্য ব্যবস্থার গভীর সংকটের প্রতিফলন। দৈনিক প্রকাশিত খবরাখবর থেকে জানা গেছে, ২ হাজার ৬০০ শয্যার বিপরীতে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার রোগী ভর্তি থাকছেন। ফলে অনেককে মেঝে, করিডোর, সিঁড়ি এমনকি শৌচাগারের পাশেও চিকিৎসা নিতে হচ্ছে। শিশু ওয়ার্ডে শয্যার তুলনায় কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকায় সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। একই সঙ্গে নোংরা পরিবেশ, অপর্যাপ্ত স্যানিটেশন এবং বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা রোগীদের জন্য নতুন স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। অন্যদিকে, বহির্বিভাগে দীর্ঘ অপেক্ষা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার যন্ত্র অচল থাকা, অস্ত্রোপচারের দীর্ঘ সিরিয়াল এবং দালালচক্রের সক্রিয়তা জনদুর্ভোগকে আরও বাড়িয়ে তুলছে। বিশেষ করে একটি এমআরআই যন্ত্র দীর্ঘদিন অচল থাকায় রোগীদের চিকিৎসা বিলম্বিত হচ্ছে এবং অনেকেই বাধ্য হয়ে ব্যয়বহুল বেসরকারি প্রতিষ্ঠানের দ্বারস্থ হচ্ছেন। দরিদ্র মানুষের জন্য এটি এক ধরনের দ্বিমুখী সংকট-একদিকে অর্থনৈতিক অক্ষমতা, অন্যদিকে সরকারি ব্যবস্থার সীমাবদ্ধতা। তবে সমস্যার জন্য শুধু হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করলেই বাস্তবতার পূর্ণ চিত্র উঠে আসে না। কর্তৃপক্ষও জনবল, চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, শয্যা ও প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতির কথা বলছে। অর্থাৎ সমস্যাটি দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অপর্যাপ্ত বিনিয়োগ এবং স্বাস্থ্যসেবার চাহিদা ও সক্ষমতার মধ্যে ক্রমবর্ধমান বৈষম্যের ফল। একটি আধুনিক রাষ্ট্রে চিকিৎসাসেবা নাগরিকের মৌলিক অধিকার। তাই রাজধানীকেন্দ্রিক চিকিৎসার চাপ কমাতে জেলা ও বিভাগীয় হাসপাতালগুলোতে বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণ, দ্রুত নষ্ট যন্ত্রপাতি সচল করা, প্রয়োজনীয় জনবল নিয়োগ, সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দালালচক্র নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শুধু একটি চিকিৎসাকেন্দ্র নয়; এটি দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার প্রতিচ্ছবি। এখানকার সংকটের কার্যকর সমাধান মানে কেবল একটি হাসপাতালের উন্নয়ন নয়, বরং স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা পুনর্গঠন। সেই লক্ষ্যেই এখন প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, পর্যাপ্ত বিনিয়োগ এবং জবাবদিহিমূলক ব্যবস্থাপনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24