দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি

Reporter Name
    Update Time : Friday, November 13, 2026
  • 51 Time View

দেশের সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগির। তিনি বলেছেন, শুধু স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন করলেই হবে না, সংশ্লিষ্ট সবার মণ-মানসিকতারও পরিবর্তন আনতে হবে। সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট, গ্রামাঞ্চলে চিকিৎসাসেবার সীমাবদ্ধতা এবং দাঁতের চিকিৎসার অতিরিক্ত ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে তিনি সংগঠনটির স্যুভেনির উন্মোচন করেন। পরে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়। রাষ্ট্রপতি বলেন, দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন। এ খাতে সরকারেরও উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না। দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জটিলতা তৈরি হয়েছে যে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। দাঁতের চিকিৎসার ব্যয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, দাঁতের চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ায় সাধারণ মানুষের একটি বড় অংশ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারে না। সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, অধিকাংশ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও সেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। বিশেষ করে উপজেলা পর্যায়ে অনেক সময় চিকিৎসক পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষ হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হয়। এ পরিস্থিতি পরিবর্তনে প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সরকারি চিকিৎসক নিয়োগের আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে চিকিৎসাসেবা দেওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। রাষ্ট্রপতি বলেন, অনেক তরুণ চিকিৎসক পড়াশোনা শেষ করে গ্রামে যেতে চান না। কেউ কেউ গ্রামে গেলেও কিছুদিন পর অন্য প্রশিক্ষণ কিংবা কাজে চলে যান। এ ধরনের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে এই অবস্থার পরিবর্তন করা সম্ভব। দেশের মানুষের জন্য একটি সর্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। পেশাজীবীদের সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ করা উচিত নয়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগঠনের সবকিছু পরিবর্তন হয়ে যাওয়ার প্রবণতাও বন্ধ হওয়া প্রয়োজন। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলে সংশ্লিষ্ট সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে। আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সংগঠনটি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে। পাশাপাশি দেশের ডেন্টাল সার্জনদের সহায়তা এবং ডেন্টাল স্বাস্থ্যসেবার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডা. মো. আলমগির কবির। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান। মির্জা ফখরুল ইসলাম আলমগির, রাষ্ট্রপতি, দেশের চিকিৎসাসেবা, স্বাস্থ্যব্যবস্থার পরিবর্তন, সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট, ডেন্টাল এক্সপো ২০২৬, বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি, গ্রামীণ স্বাস্থ্যসেবা। দেশের চিকিৎসাসেবায় বড় পরিবর্তন ও স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগির। সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট এবং গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24