দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

Reporter Name
    Update Time : Thursday, November 12, 2026
  • 55 Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। এর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যায়। আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের অপর একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গত মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান। সেখানে তিনি জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনে (কপ৩১) অংশগ্রহণ করেন। সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া তিনি সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন এবং সম্মেলনের গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্য পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর এ সফরে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24