
সাংবাদিকদের প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স এন্ড এক্সেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস ও সহ-সভাপতি এনায়েত করিম।
শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা সভাপতি ও সহ-সভাপতির কাছে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করতে চাইলে, তাঁরা প্রশ্নের জবাব না দিয়ে দ্রুত সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আলোচনা ও নানা প্রশ্নের সৃষ্টি হয়। উপস্থিত অনেকেই বলেন, দায়িত্বশীল পদে থেকে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে চলে যাওয়া কোনোভাবেই শোভনীয় নয়।
সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমান সরকার ও রেলকে বিতর্কে জড়ানোর জন্য তাঁরা পায়তারা করছেন। তাঁদের দাবি, অ্যাসোসিয়েশনের নাম ব্যবহার করে এমন কর্মকাণ্ড সাধারণ ব্যবসায়ীদের ভাবমূর্তি ক্ষুন্ন করছে এবং রেলওয়ের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অযথা বিতর্কের মধ্যে ফেলছে।
তাঁরা আরও বলেন, অ্যাসোসিয়েশন পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হলে নেতৃবৃন্দকে সদস্য ও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হবে।
প্রশ্ন এড়িয়ে চলে যাওয়া কোনো সমাধান হতে পারে না।
সাধারণ ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ রক্ষা এবং অ্যাসোসিয়েশনের শৃঙ্খলা বজায় রাখতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
Leave a Reply