বেপরোয়া চাঁদাবাজরা

Reporter Name
    Update Time : Sunday, November 22, 2026
  • 3 Time View

বেপরোয়া হয়ে উঠেছে চাঁদাবাজরা। বিভিন্ন প্রতিষ্ঠানে শীর্ষ সন্ত্রাসীদের নামে চাঁদাবাজি চলছে। আর চাঁদা না দিলেই ঘটছে গুলির ঘটনা। বর্তমানে চাঁদাবাজদের হুমকিতে রাজধানীর মোহাম্মদপুর, রায়েরবাজার ও হাজারীবাগ এলাকায় অনেক ব্যবসায়ী চরম বিপদে রয়েছে। ওসব এলাকায় চাঁদা না দিয়ে কেউ ব্যাবসা করতে পারছে না। চাঁদা না দিলেই শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত সাত মাসে রাজধানীর বিভিন্ন এলাকার এক হাজার ২০০ চাঁদাবাজের একটি খসড়া তালিকা করেছে। সেখান থেকে যাচাই-বাছাই করে ৫৪৫ জনের নাম তালিকাভুক্ত করা হয়। ওই তালিকায় ডিএমপির ৮টি অপরাধ বিভাগের মধ্যে সবচেয়ে বেশি তেজগাঁও বিভাগে ১৫৫ জন চাঁদাবাজ রয়েছে। তারপর গুলশান বিভাগে ৫৫ জন, উত্তরায় ৭২ জন, লালবাগে ৭১ জন, মিরপুরের ৬৬ জন, রমনায় ৫০ জন, ওয়ারীতে ২৪ জন ও মতিঝিলে ২২ জন চাঁদাবাজের নাম রয়েছে। তাছাড়া ওই তালিকায় থাকা ৭৫ জন একটি রাজনৈতিক দলের নেতাকর্মী। অন্যদের রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয় পাওয়া যায়নি। ভুক্তভোগী এবং পুলিশ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে হামলাকারীরা শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী। সম্প্রতি রাজধানীতে শীর্ষ সন্ত্রাসীদের নামে চাঁদা দাবির একাধিক ঘটনায় গুলির ছোঁড়া হয়। চাঁদাবাজরা বড় ব্যবসাপ্রতিষ্ঠান টার্গেট করে চাঁদাবাজি করছে। তারা এক লাখ থেকে ১০ লাখ এমনকি প্রতিষ্ঠান বুঝে এক কোটি টাকাও চাঁদা দাবি করছে। আর চাঁদা না দিলেই চালানো হচ্ছে হামলা। তাছাড়া ভবন কেনাবেচা, ভবন হাতবদলের সময় ক্রেতা ও বিক্রেতাদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। তার বাইরে ঠিকাদাররাও চাঁদার টাকার দিতে হুমকির স্বীকার হচ্ছে। টাকা না দিলে ঠিকাদারি কাজে বাধা দেওয়া হয়। সূত্র জানায়, অতি সম্প্রতি রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে একটি প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে গুলির ঘটনায় দুজন আহত হয়েছে। ওই গুলির ঘটনায় রামপুরা-হাতিরঝিল এলাকার এক তালিকাভুক্ত সন্ত্রাসীর ক্যাডার বাহিনী জড়িত থাকতে পারে বলে পুলিশ অভিযোগ পেয়েছে। মোবাইল ফোনে ওই প্রতিষ্ঠানে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিলো। আর রামপুরার ওয়াপদা রোডে গুলির দুদিন আগে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসি লক্ষ্য করে দুর্বৃত্তরা দুই রাউন্ড গুলি ছুড়েছে। ৬ নভেম্বর একটি নম্বর থেকে ওই প্রতিষ্ঠানে হুমকি দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। আর না দিলে অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসিতে গুলি করার হুমকি দেওয়া হয়েছিলো। তাছাড়া তার দুদিন পরই চাঁদার দাবিতে রাজধানীর মোহাম্মদপুর এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। হামলাকারীরা শীর্ষ এক সন্ত্রাসীর নামে চাঁদা না পেয়ে ওই প্রতিষ্ঠানে হামলা চালায়। এমনকি কথা না শুনলেই গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়িতে সাম্প্রতিক সময়ে অন্তত ১২ বার হামলা চালানো হয়েছে। ওসব হামলায় ৬ জন চালক আহত হয়েছে।

তাছাড়া দক্ষিণখানে আশিয়ান সিটির অফিসেও ২০-২৫ জনের একটি দল হামলা চালায়। গত ১ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আড়াই মাসে রাজধানীতে চাঁদা দাবি ও দখল নিয়ে বিরোধের জেরে অন্তত ১২টি প্রতিষ্ঠান ও ভবনে হামলা-ভাঙচুর এবং গুলির ঘটনা সামনে এসেছে। এমনকি চাঁদার দাবিতে পণ্যবাহী গাড়িতেও হামলা চালিয়ে আগুন দেওয়া হয়।

সূত্র আরও জানায়, চাঁদার দাবিতে অতিসম্প্রতি মোহাম্মদপুর বেড়িবাঁধে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেসের ৩ টি গাড়ি থামিয়ে একযোগে হামলা করা হয়। একইদিন রাতে প্রতিষ্ঠানটির হাজারীবাগের ওয়্যার হাউসে হামলা ও গাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

তার আগে ২০ অক্টোবর হাজারীবাগে প্রতিষ্ঠানটির ওয়্যার হাউসে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ৫ নভেম্বর মোহাম্মদপুর এলাকায় প্রতিষ্ঠানটির গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তাছাড়া ১ অক্টোবর চাঁদা দাবিতে বাংলামটরের নিউ ইস্কাটন এলাকায় একটি বাসার সামনে এক ওষুধ বিক্রেতাকে গুলি করার চেষ্টা করা হয়। পরে তাঁকে মারধর করা হয়। ২৬ সেপ্টেম্বর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং, আদাবরের শেখেরটেক এবং ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ২৪ সেপ্টেম্বর মিরপুর-১ এলাকায় রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) চাঁদাবাজির ঘটনার অভিযোগ তদন্ত করে দেখছে।

পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এমনকি পুলিশ সদর দপ্তরে অপরাধ পর্যালোচনা সভায় চাঁদাবাজ-সন্ত্রাসীদের দলীয় পরিচয় না দেখে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়। পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ওই বিষয়ে সারা দেশে পুলিশ সদস্যদের আরও কঠোর হওয়ার নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24