ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল

Reporter Name
    Update Time : Tuesday, September 15, 2026
  • 67 Time View

বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রিসিভ টার্মিনাল ডিপোতে পৌঁছেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসা শুরু হয়। ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পুরো চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছানোর প্রক্রিয়া শেষ হয়। ভারত থেকে আমদানি করা ডিজেল প্রতিবার প্রায় সমহারে দেশের তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানি পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে বিতরণ করা হয়। চুক্তি অনুযায়ী, ২০১৮ সালের ৯ এপ্রিল ভারত ও বাংলাদেশের মধ্যে ১৫ বছরের জন্য প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির চুক্তি হয়। এর আওতায় ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে সরাসরি ভারত থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহ করা হচ্ছে। পাইপলাইনটি উদ্বোধন করা হয় ২০২৩ সালের ১৮ মার্চ। এরপর থেকে এখন পর্যন্ত ভারত থেকে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি হয়েছে। বাংলাদেশ অংশে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। পঞ্চগড়ের তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও বোদা উপজেলা হয়ে পাইপলাইনটি নীলফামারী সদর এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা অতিক্রম করে পার্বতীপুরের রিসিভ টার্মিনাল পর্যন্ত বিস্তৃত। মাটির প্রায় পাঁচ থেকে আট ফুট গভীরে স্থাপন করা হয়েছে পাইপলাইনটি। এর মাধ্যমে ভারত থেকে আমদানি করা ডিজেল সরাসরি পার্বতীপুরে পৌঁছানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24