সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

Reporter Name
    Update Time : Monday, August 31, 2026
  • 33 Time View

সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ১ সেপ্টেম্বর থেকে ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে। সোমবার (৩১ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসের জন্য এসব মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৩১ মে ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে সর্বশেষ এসব দাম নির্ধারণ করা হয়েছিল। সেই মূল্যহারই সেপ্টেম্বর মাসেও বহাল থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে এ দাম কার্যকর হবে। এর আগে জুন মাসে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছিল। তবে ডিজেলের দাম ১১৫ টাকাতেই রাখা হয়। এরপর জুলাই ও আগস্ট মাসেও চার ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। ফলে সেপ্টেম্বর নিয়ে টানা চার মাস একই দামে জ্বালানি তেল বিক্রি হবে। এতে আগামী মাসে গাড়িচালক ও সাধারণ ভোক্তাদের জ্বালানি কেনার ক্ষেত্রে নতুন করে বাড়তি খরচের মুখে পড়তে হবে না। বাংলাদেশে ২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হচ্ছে। এ পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের দাম, আমদানি ব্যয়, ডলারের বিনিময় হার, শুল্ক ও কর, ভ্যাট, বিপিসির মার্জিন এবং বিতরণ ব্যয়সহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে প্রতি মাসে দাম পর্যালোচনা করা হয়। তবে আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামা করলেই দেশে প্রতি মাসে জ্বালানি তেলের দাম পরিবর্তন করতে হয় না। পর্যালোচনার পর সরকার আগের মূল্য বহাল রাখার সিদ্ধান্তও নিতে পারে। এবারও সেই পথেই হাঁটল সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24