হাম ও ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু

Reporter Name
    Update Time : Friday, November 13, 2026
  • 55 Time View

দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন আরও দুজন। দুই রোগে একদিনে মোট সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪১৯ জন। অন্যদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩০৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৯৯ জনের। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে সিলেট বিভাগের তিনজন, ঢাকা বিভাগের একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪১৯ জন রোগী হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত ১৪৮ জন এবং হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ২৭১ জনের শরীরে। বিভাগভিত্তিক হিসাবে, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৪৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৮১, সিলেটে ২৪১, বরিশালে ১৪০, ময়মনসিংহে ৮২, খুলনায় ৭৮, রাজশাহীতে ৩৯ এবং রংপুরে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৫৬২। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১০ হাজার ৪০১ জন। এদিকে ডেঙ্গুর পরিস্থিতিও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের শুরু থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫২ হাজার ৪৮৫ জন। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৪৩৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৬৭, খুলনায় ১৬০, বরিশালে ১৪৭, রাজশাহীতে ৮৯, ময়মনসিংহে ৭৬, রংপুরে ৭৬ এবং সিলেটে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিবেদনে ডেঙ্গুতে মাসভিত্তিক মৃত্যুর হিসাবও তুলে ধরা হয়েছে। চলতি বছরের অক্টোবর মাসে সর্বোচ্চ ১৭৪ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে মারা গেছেন ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে। উল্লেখ্য, ২০২৫ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর এ রোগে মারা যান ৪১৩ জন। এর আগে ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24