
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় হাম ও রুবেলা (এমআর) টিকা থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করে শতভাগ টিকাদানের আওতায় আনতে মাসব্যাপী ‘এমআর মপ-আপ ক্যাম্পেইন ২০২৬’ শুরু হয়েছে। আজ শনিবার নগর ভবনে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ক্যাম্পেইনের আওতায় ডিএসসিসির বিভিন্ন এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী যেসব শিশু এখনও হাম ও রুবেলার টিকা পায়নি, তাদের বাড়ি বাড়ি ও এলাকাভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে শনাক্ত করে টিকার আওতায় আনা হবে। ডিএসসিসির সব অঞ্চল ও ওয়ার্ডে নিবিড়ভাবে এ কার্যক্রম পরিচালিত হবে। বিশেষ করে কম টিকাদান কভারেজসম্পন্ন এলাকা, বস্তি, ভাসমান ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর শিশুদের শনাক্ত করতে স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিশেষ এ মপ-আপ ক্যাম্পেইন আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। এ সময়ে ডিএসসিসি এলাকায় প্রায় ২ লাখ ৪ হাজার শিশুকে অনুসন্ধানের আওতায় এনে টিকাবঞ্চিত শিশুদের প্রয়োজনীয় এমআর টিকা দেওয়া হবে। ডিএসসিসি সূত্র জানায়, মূল ক্যাম্পেইন শুরুর আগে গত ১৪ থেকে ২৪ সেপ্টেম্বর পরিচালিত প্রাথমিক অনুসন্ধান কার্যক্রমে ৩ হাজার ১১৫ জন বাদ পড়া শিশু শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৮৮৪ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। অবশিষ্ট ২৩১ জন শিশুকে দ্রুত টিকার আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। ডিএসসিসি এলাকার সব অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে এ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। এলাকার কোনো শিশু যেন হাম ও রুবেলার টিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে মাঠপর্যায়ে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করার জন্যও নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply