পিরোজপুরে দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

Reporter Name
    Update Time : Wednesday, November 18, 2026
  • 62 Time View

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মো. সিয়াম (২৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার সময় তিনি একটি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। একই রাতে জেলার নাজিরপুর উপজেলায় পাঁচটি দোকানেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নিহত সিয়ামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর এলাকায়। তিনি ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে রাখা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসের একটিতে ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দিলে আগুন ছড়িয়ে পড়ে। বাসে আগুন জ্বলতে দেখে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। তাঁরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেন। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাস দুটিতে আগুন দেওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান ও ওসি মো. জগলুল হাসান। এদিকে, একই রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার কবিরাজ বাড়ি এলাকায় সড়কের পাশে থাকা পাঁচটি দোকানেও আগুন দেয় দুর্বৃত্তরা। তবে ওই ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24