ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের

Reporter Name
    Update Time : Saturday, August 29, 2026
  • 79 Time View

আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই ক্রীড়া বিপণন নির্বাহী হুগো জিনকিস ও তাঁর ছেলে মারিয়ানো জিনকিস। লাভজনক বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের সম্প্রচার ও বিপণনস্বত্ব পেতে ঘুষ দেওয়ার কথা স্বীকার করে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন তাঁরা। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আদালতে জমা দেওয়া নথিতে বাবা-ছেলের এই স্বীকারোক্তির বিষয়টি প্রকাশ্যে আসে। হুগো ও মারিয়ানো দুজনই আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ‘ফুল প্লে’র সহ-মালিক। ২০১৫ সালে ফিফা ও উত্তর ও দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনগুলোকে ঘিরে শুরু হওয়া ব্যাপক দুর্নীতি তদন্তের পর তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। ওই তদন্ত বিশ্ব ফুটবল প্রশাসনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করে। এর অংশ হিসেবে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযানও চালানো হয়। আদালতের নথি অনুযায়ী, বিশ্বকাপ বাছাইপর্ব, কোপা আমেরিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল ম্যাচের লাভজনক মিডিয়া ও বিপণনস্বত্ব পেতে জিনকিসরা ফিফা, কনকাকাফ ও কনমেবলের কর্মকর্তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেন। এ জন্য তাঁরা পরিকল্পিতভাবে ঘুষের লেনদেনে জড়ান। নথিতে বলা হয়েছে, বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের সম্প্রচার ও বিপণনস্বত্ব পাওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের সহযোগিতা নিশ্চিত করতে জিনকিসরা কয়েক কোটি ডলার বাণিজ্যিক ঘুষ দিয়েছেন এবং আরও ঘুষ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে করা সমঝোতা চুক্তির আওতায় জিনকিসদের বিরুদ্ধে আনা জালিয়াতির অভিযোগ প্রত্যাহার করার বিষয়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। তবে চুক্তির অংশ হিসেবে ৫ কোটি ডলার বাজেয়াপ্ত করতে সম্মত হয়েছেন হুগো ও মারিয়ানো। বিচার স্থগিতের চুক্তি বা ডিফার্ড প্রসিকিউশন অ্যাগ্রিমেন্টের আওতায় তাঁরা ফিফা, কনকাকাফ ও কনমেবলকে প্রতারণার উদ্দেশ্যে একটি পরিকল্পনা করার কথাও স্বীকার করেছেন। বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিয়ার মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সম্প্রচারস্বত্ব পাওয়ার ক্ষেত্রেও ঘুষের আশ্রয় নেওয়ার কথা আদালতের নথিতে উঠে এসেছে। ২০১৫ সালের তদন্তের পর ফিফা, কনমেবল ও কনকাকাফের বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ ওঠে। তদন্তের ধারাবাহিকতায় একাধিক গ্রেপ্তার, বিচার, দোষী সাব্যস্ত হওয়া এবং আদালতে অপরাধ স্বীকারের ঘটনাও ঘটে। সেই বহুল আলোচিত দুর্নীতি তদন্ত শুরুর এক দশকের বেশি সময় পর এবার ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন আর্জেন্টিনার এই দুই ক্রীড়া বিপণন নির্বাহী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24