বায়তুল মোকাররমে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা

Reporter Name
    Update Time : Thursday, September 24, 2026
  • 43 Time View

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা ইতোমধ্যে পাঠক ও বইপ্রেমীদের পদচারণায় জমে উঠেছে। প্রতিদিন বিকেলের পর মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপস্থিতি বাড়ছে। মেলা পরিচালনা কমিটির তথ্যমতে, এবারের মেলায় মোট ২০৬টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে দেশি-বিদেশি মিলিয়ে ১৯৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বাংলাদেশ ছাড়াও মিসর, লেবানন, পাকিস্তান ও ভারত থেকে সাতটি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলায় পবিত্র কোরআন, হাদিস, সীরাত, ইসলামি সাহিত্য, ইতিহাস, গবেষণা, সংস্কৃতি এবং শিশু-কিশোরদের উপযোগী ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক বিভিন্ন বই পাওয়া যাচ্ছে। মেলার বিভিন্ন স্টলে বইয়ে ১০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব স্টলে প্রকাশিত বইয়ে বিশেষ কমিশন দেওয়া হচ্ছে। ১ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত মুদ্রিত মূল্যের বইয়ে ৩৫ শতাংশ এবং ১০ হাজার ১ টাকার বেশি মূল্যের বইয়ে ৪০ শতাংশ ছাড় রয়েছে। ফাউন্ডেশনের স্টল বায়তুল মোকাররমের দক্ষিণ ও পূর্ব গেটে স্থাপন করা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে মেলায় নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা, শিশুদের জন্য ‘শিশু চত্বর’, তথ্যকেন্দ্র, ম্যাগাজিন ও লেখক কর্নার এবং গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া কর্নার রয়েছে। মেলার অন্যতম আকর্ষণ ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত ‘সীরাত এক্সিবিশন’। ১৩টি প্রজেক্টের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও শিক্ষাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়েছে। আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24