নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই

Reporter Name
    Update Time : Monday, November 23, 2026
  • 3 Time View

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল কলেজসহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারবে। সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। আপিল বিভাগের এ সিদ্ধান্তের ফলে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা আয়োজনের ওপর আর কোনো আইনি বাধা থাকল না। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন ও অ্যাডভোকেট কাজি জয়নাল আবেদীন। রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম। হাইকোর্টের আদেশ ও আপিল এর আগে গত ১৮ নভেম্বর হাইকোর্ট এক আদেশে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন। একইসঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রাষ্ট্রপক্ষ। সোমবার শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেন। একইসঙ্গে সংশ্লিষ্ট রুল দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে। সাড়ে তিন লাখ শিক্ষার্থীর পুনর্মূল্যায়নের আবেদন চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে প্রায় সাড়ে তিন লাখ পরীক্ষার্থী খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার জন্য আবেদন করেছেন। তাদের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা এর আগে জানিয়েছিলেন, এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল প্রকাশের আগেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল। শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছিলেন। এ বছর নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্যদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে সম্প্রতি উপাচার্যদের সঙ্গে বৈঠক করে ইউজিসি। ওই বৈঠকে আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত এবং ১ জানুয়ারির পর ভর্তি আবেদন কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়। তবে বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত জানায়। বিশ্ববিদ্যালয়টির ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হওয়ার কথা রয়েছে। আপিল বিভাগের আদেশের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24