নৌবাহিনীর অভিযানে ৩ কোটি ৪০ লাখ মিটার অবৈধ জাল জব্দ

Reporter Name
    Update Time : Sunday, May 10, 2026
  • 141 Time View

দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, জাটকা রক্ষা এবং সামুদ্রিক জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বাংলাদেশ নৌবাহিনী চলমান অভিযানে এখন পর্যন্ত ৩ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ৭০৫ মিটার অবৈধ জাল জব্দ করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ জানিয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি থেকে পরিচালিত ‘জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম-২০২৬’-এর আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, খুলনা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনাসহ দেশের ৯টি জেলায় সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে অবৈধভাবে জাটকা আহরণ প্রতিরোধ এবং ৪৫ সেন্টিমিটার বা তার কম ফাঁসের নিষিদ্ধ কারেন্ট জাল, মশারি জাল, চায়না দুয়ারি জাল, সুতা জাল ও বাঁধা জাল ব্যবহার করে মাছ শিকার কঠোরভাবে দমন করা হচ্ছে। আটক করা অবৈধ জাল স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হচ্ছে। এছাড়া অভিযানে বেহুন্দি, টং জাল ও চায়না রিংসহ মোট ৮৬১টি নিষিদ্ধ জাল এবং ৩৭ কেজি জাটকাসহ একটি বোট জব্দ করা হয়েছে। উদ্ধার করা ছোট আকারের ইলিশ বা জাটকা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, জেলেদের সরকারি নির্দেশনা মেনে চলতে উদ্বুদ্ধ করতে নদী ও উপকূলীয় এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ অভিযান আগামী ১৫ মে পর্যন্ত চলবে। অন্যদিকে বঙ্গোপসাগরে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া ‘৫৮ দিন সকল প্রকার মৎস্য আহরণ বন্ধ কার্যক্রম’ বাস্তবায়নে নৌবাহিনীর তিনটি জাহাজ মোতায়েন রয়েছে। সমুদ্রে টহলের পাশাপাশি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে নিয়মিত আকাশ থেকে নজরদারিও করা হচ্ছে, যাতে দেশি-বিদেশি কোনো নৌযান নিষিদ্ধ সময়ে মাছ ধরতে না পারে।

এ অভিযানে এখন পর্যন্ত ২৩ হাজার ৫০০ মিটার অবৈধ জাল এবং ৪১টি নিষিদ্ধ জাল আটক করা হয়েছে। সরকার ঘোষিত এ কার্যক্রম আগামী ১১ জুন পর্যন্ত চলবে। এ ছাড়া ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় গত ১ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের ১৬টি উপকূলীয় জেলায় পরিচালিত ‘বিশেষ কম্বিং অপারেশন-২০২৬’-এ ২ কোটি ২৬ লাখ ৫৪ হাজার ১৬০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। একইসঙ্গে ২ হাজার ৩৫৭টি নিষিদ্ধ জাল, ৫টি বোট এবং ৯০৩ কেজি জাটকা উদ্ধার করা হয়। উদ্ধার করা বোট স্থানীয় থানায় হস্তান্তর, জব্দ করা জাল ধ্বংস এবং জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24