প্রশ্নের মুখে ফিফা প্রধান

অনলাইন ডেস্ক
    Update Time : Thursday, June 11, 2026
  • 70 Time View

ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপ শুরুর আগের এক সংবাদ সম্মেলনে ভিসা-সংক্রান্ত জটিলতা ও আকাশছোঁয়া টিকিটমূল্য নিয়ে সমালোচনাকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন। এস্তাদিও আজতেকায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে মেক্সিকো সিটিতে কথা বলতে গিয়ে ইনফান্তিনো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৮ দলের এই বিশ্বকাপের আয়োজনের পক্ষে সাফাই গেয়েছেন। বিশ্বকাপের টিকিটের অত্যধিক মূল্য নিয়ে ফিফা ও ইনফান্তিনো তীব্র সমালোচনার মুখে পড়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কড়াকড়ির কারণে একজন শীর্ষ রেফারি, ইরান দলের কর্মকর্তারা এবং কিছু সমর্থক যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি। ইনফান্তিনো দাবি করেন টুর্নামেন্টের টিকিটের মূল্য কিছু ক্ষেত্রে ৩০,০০০ ডলারেরও বেশি যথাযথভাবেই নির্ধারণ করা হয়েছে। সমালোচনার পরিপ্রেক্ষিতে ৬০ ডলারের কিছু টিকিটও বাজারে ছাড়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “আমি শুধু বলতে চাই, আমাদের ৬০ ডলারের প্রবেশমূল্য আমেরিকার যেকোনো বড় ক্রীড়া প্রতিযোগিতার প্লে-অফ পর্যায়ের সর্বনিম্ন টিকিটমূল্য।” তিনি আরও বলেন, “আমাদের গড় টিকিটমূল্য ৫০০ ডলারেরও কম, যা গড় হিসেবে আমেরিকার অন্যান্য বড় ক্রীড়া ইভেন্টগুলোর তুলনায়ও কম।” ইনফান্তিনো সোমালিয়ার বিশ্বকাপ রেফারি ওমর আরতানেকে ঘিরে বিতর্ককেও হালকাভাবে দেখেন। গত শনিবার তিনি মিয়ামিতে পৌঁছানোর পর মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি। পরবর্তীতে ফিফা নিশ্চিত করে যে আরতান টুর্নামেন্টে কোনো দায়িত্ব পালন করবেন না। পরে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তিনি সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। ইনফান্তিনো বলেন, “সোমালিয়ার রেফারির সঙ্গে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। আমরা সবকিছু নিয়ন্ত্রণ করি না। কখনও কখনও শান্ত থাকা এবং ধৈর্য ধরা ভালো। আমরা সব সমস্যার সমাধানের চেষ্টা করি। তাৎক্ষণিকভাবে সমালোচনা শুরু করলে অনেক সময় সমাধান খোঁজার পরিবর্তে উল্টো ফল হয়।” যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাত চলমান থাকা সত্ত্বেও ইরানের বিশ্বকাপে অংশগ্রহণকে ইনফান্তিনো ফিফার একটি বড় সাফল্য হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “অনেকে বলছিল ইরান বিশ্বকাপে আসতে পারবে না। চ্যালেঞ্জ ছিল, কাজটা সহজ ছিল না। কিন্তু শেষ পর্যন্ত ইরান খেলতে এসেছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24