
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬৪টি মামলা করা হয়েছে। অভিযানে ককটেল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মশাল, কেরোসিন, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির মিরপুর বিভাগ থেকে সবচেয়ে বেশি ১৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯১ জন, লালবাগ বিভাগে ৭০ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, উত্তরা বিভাগে ৫৫ জন, রমনা বিভাগে ৫০ জন এবং গুলশান বিভাগে ২৯ জন গ্রেপ্তার হয়েছেন। গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে একজনকে।
ডিএমপি জানায়, অভিযানে দুটি অবিস্ফোরিত ককটেল ও ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৬ হাজার ৮৭১ পিস ইয়াবা, ২ কে.জি. ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন এবং ৯ বোতল এস্কাফ জব্দ করা হয়।
উদ্ধার করা অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে একটি অটোরিকশা, ২৯টি মশাল, ১ দশমিক ৭৫ লিটার কেরোসিন, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৪০০ টাকা।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তি ও আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Leave a Reply