‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও

Reporter Name
    Update Time : Sunday, September 27, 2026
  • 10 Time View

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর আবারও নির্মাতা সঞ্জয় লীলা বানসালীর সিনেমায় ফিরছেন আলিয়া ভাট। বহুল প্রতীক্ষিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় তাঁর চরিত্রের প্রথম ঝলক শুক্রবার প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ক্যাবারে নৃত্যশিল্পীর সাজে আলিয়ার আবেদনময়ী ও রাজকীয় লুক দেখে অনেকেই প্রশংসা করেছেন। তবে কারও কারও চোখে তাঁর সাজের সঙ্গে অন্য সিনেমার চরিত্রের মিলও ধরা পড়েছে। প্রকাশিত পোস্টারে একটি চেয়ারে বসা অবস্থায় দেখা গেছে আলিয়াকে। ম্যাজেন্টা ও লাল রঙের পোশাকে তাঁর পরনে ছিল ক্রপ টপ ও থাই-হাই স্লিট স্কার্ট। মাথায় ছিল পালকে সাজানো বড় হেডপিস। গাঢ় মেকআপ, গাঢ় রঙের লিপস্টিক এবং তীক্ষ্ণ অভিব্যক্তিতে পুরো সাজে ফুটে উঠেছে রেট্রো ক্যাবারে আবহ। পোস্টারটি প্রকাশ করে নির্মাতাদের পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয়েছে, “আগ ভি, দিলোঁ কি জান ভি!”, যার ভাবার্থ আগুনও বটে, আবার হৃদয়ের স্পন্দনও। পোস্টার প্রকাশের পর আলিয়ার নতুন অবতার নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে অবশ্য প্রতিক্রিয়া একেবারে একমুখী নয়। অনেকেই আলিয়ার লুকের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ পোস্টারটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বা অতিরিক্ত সম্পাদনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন। কারও কারও কাছে তাঁর সাজ নতুন মনে হয়নি। বিশেষ করে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানির ‘টক্সিক’ সিনেমার চরিত্রের সঙ্গে আলিয়ার লুকের তুলনা করেছেন কয়েকজন। কেউ লিখেছেন, আলিয়াকে দেখে ‘টক্সিক’-এর নাদিয়া চরিত্রটির কথা মনে হয়েছে। আবার কেউ ‘বোম্বে ভেলভেট’-এর আবহের সঙ্গেও মিল খুঁজেছেন। ‘টক্সিক’ ও ‘বোম্বে ভেলভেট’ দুই সিনেমার ছাপই আলিয়ার নতুন লুকে রয়েছে বলেও মন্তব্য এসেছে। কেউ কেউ রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমার আবহের কথাও বলেছেন। একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, লুকটি তাঁর কাছে মানানসই মনে হয়নি এবং ‘টক্সিক’ থেকে নকল করা হয়েছে বলে মনে হয়েছে। তবে এর বিপরীতে অনেক ভক্তই আলিয়ার নতুন অবতার দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁদের কেউ কেউ মনে করছেন, সিনেমার গল্প ও চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তাই শুধু একটি পোস্টার দেখে চরিত্রটির পূর্ণাঙ্গ ধারণা পাওয়া কঠিন। এর আগে বৃহস্পতিবার ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর কাপুরের প্রথম লুক প্রকাশ করে বানসালী প্রোডাকশনস। সেখানে পুরোনো দিনের একটি গাড়ির স্টিয়ারিংয়ে বসে ছিলেন রণবীর। পরনে ছিল সাদা টি-শার্ট, চোখে চশমা এবং মাথায় ছোট করে ছাঁটা চুল। তবে পোস্টারের সবচেয়ে নজরকাড়া বিষয় ছিল তাঁর একটি হাত। স্টিয়ারিং ধরা সেই হাতে আঘাতের চিহ্নের পাশাপাশি রক্তও দেখা যায়। রণবীরের ওই লুক সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল। ‘লাভ অ্যান্ড ওয়ার’ বানসালীর সঙ্গে আলিয়ার দ্বিতীয় সিনেমা। এর আগে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। রণবীরের সঙ্গে এটি বানসালীর তৃতীয় সিনেমা। এর আগে ‘সাওয়ারিয়া’তে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। অন্যদিকে, ভিকি কৌশলের সঙ্গে এবারই প্রথমবার কাজ করছেন নির্মাতা। সিনেমাটির গল্প এখনো গোপন রাখা হয়েছে। তবে জানা গেছে, ঐতিহাসিক আবহে প্রেম ও যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হচ্ছে গল্প। এতে ত্রিভুজ প্রেমের বিষয়ও রয়েছে। রণবীর কাপুর ও ভিকি কৌশলকে ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তার চরিত্রে দেখা যেতে পারে বলে জানা গেছে। তাঁদের জীবনের সঙ্গে জড়িয়ে পড়বে আলিয়ার চরিত্র। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সঞ্জয় লীলা বানসালী ও ইলা বেদী দত্ত। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন সুপ্রিয়া পাঠক। প্রধান তারকাদের লুক প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটির প্রচার কার্যক্রম শুরু করেছে নির্মাতারা। রণবীরের পর আলিয়ার লুক প্রকাশ্যে আসায় ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে দর্শকের আগ্রহ আরও বেড়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। হিন্দুস্তান টাইমস অবলম্বনে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24