সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার

Reporter Name
    Update Time : Friday, August 21, 2026
  • 21 Time View

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠানকে সামনে রেখে বঙ্গভবনের দরবার হলসহ পুরো এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানস্থলের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের অন্যান্য প্রস্তুতিও চূড়ান্ত করা হয়েছে।

শপথ অনুষ্ঠান ঘিরে দুপুর থেকেই বঙ্গভবন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। বঙ্গভবনের প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে জোরদার করা হয়েছে নিরাপত্তা। আমন্ত্রিত অতিথিদের প্রবেশ ও চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঐতিহাসিক দরবার হলটিকেও শপথ অনুষ্ঠানের জন্য নতুন সাজে সাজানো হয়েছে। এর আগে এই দরবার হলেই একাধিক রাষ্ট্রপতির শপথসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।

পরে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারার অধীনে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24