সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী

Reporter Name
    Update Time : Sunday, May 10, 2026
  • 70 Time View

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে ক্রীড়া ও সংস্কৃতির কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সে লক্ষ্যে ক্রীড়াসংশ্লিষ্ট বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। ভবিষ্যতে এই অঞ্চল থেকে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করবে।

আজ রাঙ্গামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী দীপেন দেওয়ান আরো বলেন, রাঙ্গামাটি জেলা হচ্ছে খেলোয়াড় তৈরির অন্যতম একটি উর্বর ক্ষেত্র। অতীতেও এই মাটি থেকে অসংখ্য গুণী খেলোয়াড় উঠে এসেছেন। আমার কাকাও একজন সফল ক্রীড়াবিদ ছিলেন, যিনি পাকিস্তান আমলেও বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিলেন।

বর্তমানে রূপনা, ঋতুপর্ণা, মনিকা ও আনাই মগিনীরা আমাদের সেই হারানো গৌরব ফিরিয়ে এনেছেন। প্রতিটি স্কুলে নিয়মিত সংগীত ও ক্রীড়া চর্চা নিশ্চিত করতে প্রয়োজনে শিক্ষক নিয়োগের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আরো উৎসাহিত করা হবে বলে জানান মন্ত্রী। একইসঙ্গে তিনি শিক্ষকদের প্রতি শিক্ষার পাশাপাশি দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে সচেষ্ট থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন তার স্ত্রী মৈত্রী চাকমা। নিজ বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-সহ নানা উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মকে আত্মবিশ্বাসী করে তুলছে।

প্রধানমন্ত্রীর এই দূরদর্শী উদ্যোগের জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। আজ চূড়ান্ত পর্বের খেলায় বালিকা দলের ফাইনালে বরকল উপজেলার জগন্নাথছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাঘাইছড়ির পাকুজ্যাছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে, বালক দলের ফাইনালে রাজস্থলীর তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় লংগদু উপজেলার রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রাঙ্গামাটির জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা কর্নেল মনীষ দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙ্গামাটি জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল আলীম, রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24