রামিসা হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

Reporter Name
    Update Time : Tuesday, November 17, 2026
  • 19 Time View

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সেই সাথে এই মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বহুল আলোচিত এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দম্পতির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ রায় ঘোষণা করেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চ। আদালতে এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। আসামি পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন গত ৭ জুন মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। পাশাপাশি সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খন্ডিত লাশ উদ্ধার করা হয়। তার আগেই ফ্ল্যাটটির বাসিন্দা সোহেল শৌচাগারের গ্রিল কেটে পালিয়ে যান। পরে সেই বাসা থেকে সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে আটক করা হয়। পরবর্তীতে ওইদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। গত ২১ মে রামিসার পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে প্রধানমন্ত্রী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24