ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

Reporter Name
    Update Time : Monday, June 15, 2026
  • 117 Time View

মাদারীপুর, ১৫ জুন, ২০২৬ (বাসস) : মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবু নাঈম খান (৫৫) নামে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মাদারীপুর সদর থানাধীন পান্তাপাড়া ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু নাঈম খান মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের কুলপদ্দী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মিনি ট্রাক চালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে একটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিনি ট্রাকের চালক আবু নাঈম খানের মৃত্যু হয়। দুর্ঘটনায় বড় ট্রাকে থাকা জুয়েল (৩৫), সজীব (২৫), আমিরুল (৩২) ও লাভলু (৩০) গুরুতর আহত হন। আহতদের মধ্যে বড় ট্রাকের চালক জুয়েল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বয়াগ্রাম এলাকার বাসিন্দা। সজীব একই উপজেলার এলোবাদী গ্রামের বাসিন্দা ও ট্রাকের হেলপার। আহত আমিরুল ঝিনাইদহ সদর উপজেলার চাপারা গ্রামের এবং লাভলু ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেল এলাকার বাসিন্দা। তারা দ’ুজনই ট্রাকের শ্রমিক ছিলেন। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহত ৪ জনকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24