উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে

Reporter Name
    Update Time : Friday, October 16, 2026
  • 88 Time View

ষষ্ঠী পূজার মধ্যদিয়ে গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুরু হয়েছে। এ বছর গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলা ও চারটি পৌরসভায় ১ হাজার ২৮৮টি মণ্ডপে মহাসমারোহে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। কৈলাশ ছেড়ে মর্ত্যে পিতৃগৃহে পদার্পণ করছেন দেবী দুর্গা। ৬ দিনের এ সফরে তার সাথে রয়েছেন চার সন্তান গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী। শারদীয় দুর্গোৎসব শুরুর প্রাক্কালে বৃহস্পতিবার পঞ্চমীতে দশভূজা দেবীর বোধন অনুষ্ঠিত হয়। পুরাণ অনুসারে, দক্ষিণায়নে নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য এই বোধনের মাধ্যমে বন্দনা পূজা অনুষ্ঠিত হয়। সে অনুসারে মণ্ডপে-মন্দিরে পঞ্চমীতে সায়ংকাল তথা সন্ধ্যায় বন্দনা পূজার আয়োজন করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টায় মহাষষ্ঠীতে ষষ্ঠীবিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মূল দুর্গাপূজা। সাধারণত প্রতি বছর ৫ দিনের উৎসব হলেও এ বছর পঞ্জিকানুসারে সপ্তমী পূজা পড়েছে ২ দিন। ফলে ৬ দিনের এ উৎসব শেষ হবে আগামী ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে। শনিবার সপ্তমীতে মাতৃরূপী দুর্গার মুখ উন্মোচিত হবে মণ্ডপে। লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতীকে নিয়ে মণ্ডপে অধিষ্ঠিত হবেন দশভূজা দেবী। পঞ্চমীর রাতেই গোপালগঞ্জে জমে উঠেছে উৎসবের আমেজ। মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্য, শঙ্খনাদ আর ঢাক-ঢোলের শব্দে মেতে উঠেছে পূণ্যার্থীদের মন। সেই সাথে নজরকাড়া আলোকসজ্জা, প্যান্ডেল, দৃষ্টিনন্দন গেট ও সাজসজ্জা দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করছে। শহরের প্রতিটি পাড়া ও মহল্লার মণ্ডপ সেজেছে অপরূপ সাজে। প্রতিটি মণ্ডপের সাজসজ্জায় রয়েছে নতুনত্বের ছোঁয়া। ঝলমলে আলোয় উদ্ভাসিত মণ্ডপগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও ভক্তিময় আবহ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ত্রেতাযুগে ভগবান রাম তার স্ত্রী সীতাকে উদ্ধার করতে দেবী দুর্গার অকালবোধন করেন। ব্রহ্মার নির্দেশ অনুযায়ী দুর্গার সাহায্যে রাবণ বধ করে সীতাকে উদ্ধার করেন তিনি। দেবীর সেই আগমনকালকেই দুর্গাপূজা হিসেবে পালন করা হয়। রাম শরৎকালে দেবীকে আহ্বান করেছিলেন বলে এ পূজা ‘শারদীয় দুর্গাপূজা’ নামে পরিচিত। আর মর্ত্যলোকে দেবীর সেই ঘুম ভাঙানোকে বলা হয় ‘অকাল বোধন’। গোপালগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় সিকদার বাসস’কে বলেন, ‘সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিন ‘কন্যারূপে’ ধরায় আসেন দশভূজা দেবী দুর্গা; বিসর্জনের মধ্যদিয়ে তাকে ১ বছরের জন্য বিদায় জানানো হয়। তার এই আগমন ও প্রস্থানের মাঝে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত ৬ দিন চলে দুর্গোৎসব।’ শাস্ত্র অনুযায়ী, দেবীর আসা ও যাওয়ার বাহন এক হলে তা অশুভ ধরা হয়। সৌভাগ্যবশত এ বছর দেবীর আগমনের বাহন ঘোড়া ও গমনের বাহন নৌকা আলাদা। তবে ভক্তের আরাধনায় দেবী তুষ্ট হলেই বিশ্বে মিলবে শান্তি ও সমৃদ্ধি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24