জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

Reporter Name
    Update Time : Friday, September 25, 2026
  • 56 Time View

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। খলিলুর রহমানের কার্যালয়ের বিভিন্ন পদে থাকা ৪০ জনের মধ্যে জাইমাসহ ছয়জন বাংলাদেশি রয়েছেন। জাতিসংঘের সরকারি ওয়েবসাইটেও জাইমা রহমানকে ‘Legal Officer’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। খলিলুর রহমান ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেন। তাঁর কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমান আইনি বিষয়গুলো দেখভাল করবেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। খলিলুর রহমানের দপ্তরে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, তুরস্ক, সৌদি আরব, জার্মানি, কানাডা, জাপান, নরওয়ে, কাতার, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সেনেগাল ও হাইতিসহ বিভিন্ন দেশের নাগরিক দায়িত্ব পালন করছেন। সরকারি ওয়েবসাইটে দপ্তরটিতে ২৯টি জাতীয়তার প্রতিনিধিত্বের কথা উল্লেখ করা হয়েছে। দপ্তরের প্রধান বা শেফ দ্য ক্যাবিনেট হিসেবে দায়িত্ব পালন করবেন সেনেগালের জিবরিল দিয়ালু। জাতিসংঘের বিভিন্ন সংস্থায় তাঁর তিন দশকের বেশি সময় কাজের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশি কূটনীতিক আবদুল আলিম দায়িত্ব পেয়েছেন ডেপুটি চিফ অব ক্যাবিনেটের। মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে কাজ করবেন। মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। জাইমা রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। পরে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হন। জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে মোট ৪০ জন বিভিন্ন দায়িত্বে রয়েছেন। এর মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি। খলিলুর রহমানের দপ্তরের সরকারি ওয়েবসাইটে জাইমার আইন ও নীতিসংক্রান্ত পেশাগত অভিজ্ঞতার কথাও উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24