দীর্ঘ প্রচেষ্টায় উদ্ধার কর্ণফুলী কমিউটার; চলছে রেললাইন সংস্কার

Reporter Name
    Update Time : Thursday, October 22, 2026
  • 95 Time View

জেলার লাকসামে লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি উদ্ধারের কাজ সম্পন্ন হয়েছে। রেলওয়ের উদ্ধারকারী দলের প্রায় ১৬ ঘণ্টার প্রচেষ্টায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রিলিফ ট্রেনের সহায়তায় উদ্ধার কাজ শেষ হয়। এখন ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামত ও প্রয়োজনীয় কারিগরি কাজ চলছে। রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আজ ভোরে লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো সরিয়ে নেয়া সম্ভব হয়। কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বাসস’কে জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেল লাইন সংস্কার ও প্রয়োজনীয় কারিগরি কাজ চলছে। বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে কাজ শেষ হতে পারে। সংস্কার কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ঢাকা-চট্টগ্রাম রেল পথের আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এরআগে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লাকসামের নাওটি স্টেশন সংলগ্ন আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ ৪ টি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেল পথের আপলাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল অব্যাহত ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বে গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24