নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

Reporter Name
    Update Time : Tuesday, October 20, 2026
  • 83 Time View

নাটোরের বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এর আগে সকালে ঘটনাস্থল থেকে এক শিশুসহ ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাটোর জেনারেল হাসপাতালে দুজন এবং বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে এখন পর্যন্ত দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা ১৪ জন। বনপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, বরগুনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস এবং পাবনাগামী একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ ৯ জন প্রাণ হারান। তাদের মধ্যে আটজন বাসের যাত্রী এবং ট্রাকের চালক রয়েছেন। উদ্ধার অভিযানের বিষয়ে নাটোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক আখতার হামিদ খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তারা বাসের অন্তত ৩০ জন আহত যাত্রীকে উদ্ধার করে দ্রুত নাটোর জেনারেল হাসপাতালসহ আশেপাশের অন্যান্য হাসপাতালে পৌঁছে ভর্তি করা হয়। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার এবং পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24