সেতু কর্তৃপক্ষের কার্যক্রমে গতি ও সক্ষমতা বাড়াতে হবে : সড়ক পরিবহন মন্ত্রী

Reporter Name
    Update Time : Tuesday, September 22, 2026
  • 24 Time View

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে। তিনি বলেন, দেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং মানুষের চলাচল সহজ করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে পরিবর্তিত চাহিদা বিবেচনায় নিয়ে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী উদ্যোগ ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এ প্রতিষ্ঠানের সক্ষমতা আরও বাড়াতে হবে। আজ রাজধানীর সেতু ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। মন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়ন শুধু নির্মাণকাজের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে দক্ষ পরিচালনা, রক্ষণাবেক্ষণ, আধুনিক ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষার বিষয়ও ওতপ্রোতভাবে জড়িত। তাই উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই অবকাঠামো ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য আধুনিক অবকাঠামোর পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মকাণ্ডকে আরও কার্যকর ও গতিশীল করতে সহায়তা করবে। অনুষ্ঠানের শুরুতে সেতু ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানসহ অন্যান্য অতিথি সেতু ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে শেখ রবিউল আলম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের কর্মপরিবেশকে পরিবেশবান্ধব ও নান্দনিক করে তোলা প্রয়োজন। কর্মস্থলে সবুজায়ন কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্যকর ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে। পরে মন্ত্রী শেখ রবিউল আলম নবনির্মিত অডিটোরিয়ামের শুভ উদ্বোধন করেন। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ অডিটোরিয়ামটি দাপ্তরিক সভা, সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ, মতবিনিময় সভা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কার্যক্রমে ব্যবহার করা হবে। অডিটোরিয়াম উদ্বোধনকালে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রশিক্ষণ, কর্মশালা ও মতবিনিময়ের জন্য উপযুক্ত অবকাঠামো থাকা জরুরি। নতুন এ অডিটোরিয়াম বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অভ্যন্তরীণ যোগাযোগ, প্রশিক্ষণ এবং জ্ঞানবিনিময় কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে সহায়ক হবে। তিনি বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন কর্মপরিবেশ তৈরি হলে কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালনের সুযোগ পাবেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক সক্ষমতা ও সেবার মান বাড়ানো সম্ভব হবে। অনুষ্ঠানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উন্নয়ন কার্যক্রম, উদ্ভাবনী উদ্যোগ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রেজেন্টেশন শেষে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। তিনি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং কাজের ক্ষেত্রে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, পরিবেশ সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতেও আধুনিক ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে। অনুষ্ঠানে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24