ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আজ নাগরিক সংবর্ধনা

Reporter Name
    Update Time : Sunday, September 6, 2026
  • 19 Time View

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫৮ মিনিটে হেলিকপ্টারে ঢাকা থেকে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান তিনি। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলায় এটিই তাঁর প্রথম সফর। রাষ্ট্রপতি রোববার সকাল ১১টার দিকে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন। স্টেডিয়াম মাঠে হেলিকপ্টার অবতরণের পর তাঁকে স্বাগত জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির সদস্যরা। পরে রাষ্ট্রপতি জেলা সার্কিট হাউসে যান। সেখানে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর সেনুয়া কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন। সেখান থেকে শহরের কালীবাড়ি এলাকায় নিজের বাসভবনে যান তিনি। বাসভবনে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করার কথা রয়েছে। রাতে তিনি নিজ বাসভবনেই অবস্থান করবেন। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শহর ও আশপাশের এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে প্রধান সড়ক, বিভিন্ন মোড় ও সরকারি দপ্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রং করার কাজও করা হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপতির নিরাপত্তায় পুরো জেলায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান এবং তাঁর চলাচলের পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। রাষ্ট্রপতির আগমন ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বলেন, রাষ্ট্রপতির আগমনের খবরে তৃণমূল থেকে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। তাঁকে একনজর দেখতে অনেকে অপেক্ষা করছেন। সফরের দ্বিতীয় ও শেষ দিন সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে। ঠাকুরগাঁও-পীরগঞ্জ মহাসড়কসংলগ্ন সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এরপর নিজ বাসভবনে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম নেওয়ার কথা রয়েছে। পরে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করবেন রাষ্ট্রপতি। চলতি বছরের ২০ আগস্ট জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম নিজ জেলা সফর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24