
ট্রেনে পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ ও নিয়মভঙ্গের দায়ে কর্মী অপসারণসহ জরিমানা আরোপ করেছে বাংলাদেশ রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ে, ঢাকা বিভাগের নিয়ন্ত্রণাধীন লালমনি এক্সপ্রেস ট্রেনে অসদাচরণ ও নিয়মভঙ্গের দায়ে সংশ্লিষ্ট পরিচ্ছন্নতাকর্মীকে তাত্ক্ষণিকভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে এবং ঠিকাদার প্রতিষ্ঠানের ওপর অর্থদণ্ড আরোপ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ), ঢাকা কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ৭৫১/৭৫২ নং লালমনি এক্সপ্রেস ট্রেনের ড্রাই ক্লিনিং কাজ চলাকালীন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ফেমাস ট্রেডার্স’-এর নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মী “বাবু”-কে ট্রেনের কোচ থেকে রেললাইনের ওপর সরাসরি ময়লা ফেলে। ইতিপূর্বে বারবার সতর্ক করা সত্ত্বেও এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কাণ্ড সংঘটিত হওয়ায় সংশ্লিষ্ট পরিচ্ছন্নতাকর্মী “বাবু”-কে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে অপসারণ করা হয়। একইসাথে দায়িত্ব পালনে গাফিলতির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ফেমাস ট্রেডার্স’-এর চলতি মাসের বিল থেকে ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা কর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো ট্রেনের কোচ থেকে প্ল্যাটফর্ম বা রেললাইনে ময়লা ফেলা প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের অভ্যন্তরীণ ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
Leave a Reply