দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী নিজেকে নিয়োজিত করেছেন : ড. আবদুল মঈন খান

Reporter Name
    Update Time : Saturday, August 22, 2026
  • 14 Time View

জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হাল ধরেছেন উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রধানমন্ত্রী নিজেকে নিয়োজিত করেছেন। আজ শনিবার দুপুর দেড়টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এসময় উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী ওয়াকিবহাল রয়েছেন জানিয়ে তিনি আরো বলেন, এসব সমস্যা দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা, বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠাই এখন তাঁর মূল লক্ষ্য। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে— আমাদের দ্বিতীয় ক্রান্তিকালে যখন দেশের মানুষ কিংকর্তব্যবিমূঢ় হয়েছিল, যখন এই দেশের স্বাধীনতা যুদ্ধের উপযুক্ত সময়ে উপনীত হয়েছিল, তখন একটি দল যারা এই দেশের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে নিজেদের দাবি করে, তারা যখন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল, তখন শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ইতিহাসগুলো তরুণ প্রজন্মের জন্য বলতে হয়। তিনি বলেন, আমরা দেখেছি যে, বাংলাদেশের গণতন্ত্রের পরিক্রমা ব্যর্থ হয়েছে এবং বারবার বিএনপি নতুন করে প্রচেষ্টা নিয়েছে এ দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য। মন্ত্রী আরো বলেন, ১৯৮১ সালে জিয়াউর রহমানের দুঃখজনক চিরবিদায়ের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া নতুন করে এ দেশের হাল ধরেছিলেন। তিনি রাজপথে সংগ্রাম করে আপসহীন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং ১৯৯১ সালের মানুষের ভোটে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হাল ধরেছেন। তাঁর নেতৃত্বে আমরা এই দেশকে নতুন করে গড়ে তুলবো। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24