বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত

Reporter Name
    Update Time : Monday, September 21, 2026
  • 16 Time View

জেলায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া সদরের ঠ্যাংগামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রথম দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় নিহত দু’জন হলেন, বগুড়ার কাহালু উপজেলার রামপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)। আরাফাতের পরিচয় সম্পর্কে প্রাথমিকভাবে জানা গেছে, তিনি শফিকুলের স্বজন। কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন বাসস’কে বলেন, সকালে পাঁচজনকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাত নিহত হন। আহত হন আরও তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, নিহত ২জনের মরদেহ ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এদিকে, প্রথম দুর্ঘটনায় নিহত শফিকুল ও আরাফাতের মরদেহ নিয়ে স্বজনেরা একটি অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলেন। পথে বগুড়ার রানীরহাট এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি লাশবাহী অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা মোছা. খাদিজা খাতুন (৫২) নিহত হন। তিনি বগুড়া সদর উপজেলার বানদীঘী এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কুন্দার হাইওয়ে থানার সার্জেন্ট মো. সাগর আলী বাসস’কে বলেন, অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়া যানবাহনটি শনাক্তে কাজ করছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24