স্বাস্থ্যখাতের সংস্কারে চিকিৎসক নেতাদের সুনির্দিষ্ট পরিকল্পনা চান রাষ্ট্রপতি

Reporter Name
    Update Time : Thursday, September 24, 2026
  • 42 Time View

স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে চিকিৎসক নেতাদের সুনির্দিষ্ট ও সুস্পষ্ট পরিকল্পনা ও প্রস্তাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২০ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যখাতে যে কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্য ছিল, সেখানে দেশ পৌঁছাতে পারেনি। কতজন চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট প্রয়োজন, কী পরিমাণ মেডিকেল যন্ত্রপাতি লাগবে এবং কী ধরনের কাঠামো দরকার, সেসব বিষয়ে আগে সঠিক ও সার্বিক পরিকল্পনা ছিল না বলেও উল্লেখ করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকারের সময়ে জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে এ যাবতকালের সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে স্বাস্থ্যখাতে একটি সুব্যবস্থা গড়ে তুলতে হবে। স্বাস্থ্যখাতের উন্নয়নে নতুন চিকিৎসক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং মেডিকেল যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা নেওয়ার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে বিগত দিনের তদবির সংস্কৃতি বন্ধ করে যোগ্য ব্যক্তিদের উপযুক্ত পদে দায়িত্ব দেওয়ার তাগিদ দেন। চিকিৎসকদের গবেষণা কার্যক্রমে আরও শক্তিশালী ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিয়েও উদ্বেগ জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, যত্রতত্র গড়ে ওঠা এসব প্রতিষ্ঠান স্বাস্থ্যব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। প্রতিষ্ঠানগুলোকে যথাযথ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত ফ্যাসিস্ট শাসনামলের অত্যাচার-নির্যাতনে আহত নেতাকর্মীদের পাশাপাশি তার নিজের চিকিৎসার সময় আন্তরিক সহযোগিতা ও সহায়তার জন্য চিকিৎসকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার দায়িত্ব পালনরত অবস্থায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এসব ঘটনায় চিকিৎসকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এ ধরনের ঘটনা বন্ধে সরকারের সহযোগিতাও কামনা করেন তিনি। ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। স্বাস্থ্যখাতের বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে সব অংশীজনকে সঙ্গে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24