২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার, সাবেক মন্ত্রী জাবেদের ১৫ বছর কারাদণ্ড

Reporter Name
    Update Time : Thursday, November 19, 2026
  • 63 Time View

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় তাঁর স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ আরও ১৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ১৯ আসামিকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মোকাররম হোসাইন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায়ে জাবেদকে অর্থ পাচারের অভিযোগে ১০ বছর এবং অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী রুকমীলা জামানকে দুই অভিযোগে পাঁচ বছর করে মোট ১০ বছরের সাজা দেওয়া হয়েছে। জাবেদের বিরুদ্ধে মোট ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ কোটি টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। ১০ বছর করে সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, বজল আহমেদ বাবুল, এমএ সবুর, সাবেক পরিচালক বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, শাহ আলম ও এজিএম উৎপল পাল। রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে একজন খালাস পেয়েছেন। যেভাবে নেওয়া হয় ২৫ কোটি টাকার ঋণ মামলার অভিযোগপত্র অনুযায়ী, আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ভিশন ট্রেডিং নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের মালিক দেখানো হয়। ওই প্রতিষ্ঠানের নামে জাল কাগজপত্র তৈরি করে ইউসিবিএলের চট্টগ্রামের পোর্ট শাঁখা থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। ২০১৯ সালের ১৩ অক্টোবর ব্যাংকটির পোর্ট শাখায় ভিশন ট্রেডিংয়ের নামে একটি চলতি হিসাব খোলা হয়। পরে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি গম, মসুর ডাল, ছোলা ও হলুদ মটর আমদানির কথা উল্লেখ করে ১৮০ দিনের জন্য ২৫ কোটি টাকা ঋণের আবেদন করা হয়। ঋণের বিপরীতে প্রতিষ্ঠানের মজুতপণ্য, ব্যবসায়িক অভিজ্ঞতা ও গুদামসংক্রান্ত তথ্য দেওয়া হলেও এসব নথিতে অসংগতি ছিল বলে দুদকের তদন্তে উঠে আসে। ব্যাংকের করপোরেট ব্যাংকিং ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের যৌথ কমিটি ঋণ প্রস্তাবের বিষয়ে ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ দিয়েছিল। এরপরও ২০২০ সালের ১২ মার্চ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৮তম সভায় ঋণটি অনুমোদন করা হয়। পরে পে-অর্ডারের মাধ্যমে ঋণের অর্থ আলফা ট্রেডার্স, ক্লাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং নামে চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। তদন্তে এসব প্রতিষ্ঠানের মালিক হিসেবে দেখানো ব্যক্তিদের সঙ্গে আরামিট গ্রুপের কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। অভিযোগে বলা হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে অর্থ স্থানান্তর ও নগদে উত্তোলনের পর হুন্ডির মাধ্যমে তা বিদেশে পাচার করা হয়। পরে ওই অর্থ দিয়ে বিদেশে সম্পত্তি কেনার অভিযোগও রয়েছে। অভিযোগপত্রে ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের লেনদেনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। মামলা ও বিচারপ্রক্রিয়া ২০২৫ সালের ২৪ জুলাই দুদকের উপপরিচালক মশিউর রহমান খান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন। শুরুতে আসামি ছিলেন ৩১ জন। পরে তদন্ত শেষে চলতি বছরের ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এতে নতুন করে আরও সাতজনকে আসামি করা হলে মোট আসামির সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে। অভিযোগপত্রে সাক্ষী করা হয় ৯২ জনকে। ১১ মার্চ চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ৫ এপ্রিল থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। বিচারিক কার্যক্রমে ৫৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ১৮ নভেম্বর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য পরদিন দিন ধার্য করেন। বৃহস্পতিবার রায় ঘোষণার মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রমের এ পর্যায় শেষ হলো। আদালতে ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24