
বাংলাদেশ মহাপরিচালক (ডিজি) আফজাল হোসেনের ব্যক্তিগত সহকারী (পিএস) মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং নারী কেলেঙ্কারির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। দুদক চেয়ারম্যান বরাবর দাখিল করা অভিযোগে বলা হয়, অভিযুক্ত নাসির উদ্দিনের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার হুলনিয়া গ্রামে। পিতা নওয়াব আলী, মাতা ফাতেমা বেগম। তিনি ২০১১ সালে পাকশী রেলওয়েতে যোগদানের পর থেকেই নিয়োগ, বদলি ও রেলের ভূমি ইজারা নিয়ে নানা অনিয়মে জড়িয়ে পড়েন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগকারীর দাবি, আওয়ামী সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি তখনকার সব অভিযোগ ধামাচাপা দেন। অভিযোগে আরও বলা হয়, বর্তমানে তিনি রেলভবনে ডিজির পিএস হিসেবে কর্মরত। অভিযোগকারীর ভাষ্যমতে, পিএস পদে নিয়োগ পেতে তিনি ডিজিকে নিজ মোবাইল থেকে চাপ প্রয়োগ করেন এবং সেই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রেলভবনে সমালোচনার সৃষ্টি হয়। এছাড়া গত সপ্তাহে রেলওয়ের ডিজির বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। অভিযোগে বলা হয়, ডিজির আস্থাভাজন হওয়ায় নাসির উদ্দিন বেপরোয়াভাবে অনিয়ম চালিয়ে যাচ্ছেন। অভিযোগপত্রে ব্যক্তিগত জীবন নিয়েও গুরুতর অভিযোগ আনা হয়েছে। সেখানে দাবি করা হয়, প্রথম স্ত্রীর সাথে সম্পর্কের অবনতি ঘটিয়ে তাকে তালাক দেন এবং বর্তমানে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। পরবর্তীতে দ্বিতীয় বিয়ের পরও এক সরকারি নারী কর্মকর্তার সাথে অবৈধ সম্পর্কে জড়ান এবং ২০২৩ সাল থেকে মেলামেশার পর ২০২৬ সালের ১লা মে ৫ লক্ষ টাকা কাবিনে তাকে বিয়ে করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত নাসির উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। দুদকের এক কর্মকর্তা জানান, অভিযোগটি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। অভিযোগের সাথে বিভিন্ন সংবাদপত্রের কাটিং সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply